কলকাতা: হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty)-র পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ 'ইচ্ছেপূরণ'। অ্যাকশনধর্মী এই সিরিজের হাত ধরে নতুন চমক দিতে চলেছেন বর্ষীয়ান পরিচালক। সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে, দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya) ও ঈশানী সেনগুপ্ত (Ishani Sengupta)-কে। এছাড়াও এই সিরিজে রয়েছেন, কোরক সামন্ত (Korak Samanta), শঙ্কর দেবনাথ (Shankar Debnath) ও প্রদীপ ভট্টচার্য্য (Pradip Bhattacharya)। ছবির চিত্রনাট্য লিখেছেন, পদ্মনাভ দাশগুপ্ত। প্ল্যাটফর্ম ৮-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।

Continues below advertisement

সিরিজে দেবরাজ ও ঈশানীকে দেখা যাবে স্বামী স্ত্রীর ভূমিকায়। দেবরাজ একজন জীবনবিমা সংস্থার এজেন্ট। এক দম্পতির ইচ্ছাপূরণের গল্প নিয়েই তৈরি হবে এই সিরিজ। গল্পে দেবরাজের চরিত্রের নাম অপূর্ব। খুব সাধারণ জীবনযাপন তাঁর ও তাঁর স্ত্রীর। হঠাৎ তাঁদের জীবনে আসে একটা রহস্যময় নীল যাদু পাথর। আর এই পাথর জীবনে আসার ফলেই বদলে যায় স্বামী-স্ত্রীর জীবনধারা। সমস্ত কিছু ভাল হতে থাকে তাঁদের জীবনে। কিন্তু বিষয়টা একেবারেই এতটা সহজ নয়। এই পাথর মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলে অপূর্বকে। মানুষের স্বভাব, ভাবনাচিন্তা আর বিভিন্ন বিষয়গুলি ফুটে উঠবে এই সিরিজে। 

ইমন চক্রবর্তীর গল্প নিয়ে এই সিরিজিটি বানিয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ২টি চরিত্র, অপর্ণা ও অপূর্ব। অপূর্ব একটি জীবন বিমা সংস্থার এজেন্ট। স্ত্রী আর সন্তানকে নিয়ে সংসার চালাতে একেবারে হিমশিম খাচ্ছে সে। জীবনে উচ্চাশা আছে তার। কিন্তু ভাগ্য কখনোই সঙ্গ দেয় না। হঠাৎ অপূর্বর হাতে চলে আসে অদ্ভুত এক পাথর। আর সেটাকে বাড়িতে আনার পর থেকেই অপূর্ব অনেক ক্লায়েন্ট পায়। তার কাজের সুবিধা হলেও, সেই ক্লায়েন্টরা রহস্যজনকভাবে মারা যেতে শুরু করে। এর ফলে কোম্পানির কাছে তাকে কথা শুনতে হয়। কারণ যেই তার কাছে বিমা করছে সেই মারা যাচ্ছে। ফলে পরের পর টাকা ক্লেইম হচ্ছে আর দিতে হচ্ছে কোম্পানিকে। সাধ ও সাধপূরণের গল্প নিয়ে আসছে এই সিরিজ।

Continues below advertisement

সাতটি পর্বে 10 এপ্রিল আসবে সিরিজিটি। প্রসঙ্গত, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর মতো একাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন হরনাথ চক্রবর্তী। 'নবাব', 'সাথী', 'সঙ্গী', 'নাটের গুরু', 'প্রতিবাদ', 'রাজু আঙ্কল', 'নবাব নন্দিনী', 'বাঘবন্দি খেলা', 'ডাল বাটি চুর্মা' সহ আরও বহু ছবি রয়েছে তাঁর কাজের তালিকায়। আর এবার আরও একবার ওয়েব সিরিজে পা রাখলেন পরিচালক হরনাথ চক্রবর্তী।