Rahul Arunoday Death: রাহুলকে 'বাবিন' বলে ডাকতেন রুদ্রনীল। 'সহজ কথা' পডকাস্টে এসেও রুদ্রনীল বলেছিলেন রাহুলকে 'রাহুল' বলে ডাকতে পারবেন না, 'বাবিন' বলেই ডাকবেন। রুদ্রনীলের সেই 'বাবিন' চলে গিয়েছেন না ফেরার দেশে। মর্মান্তিক এক ঘটনা ঘটে গিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে তালিসারির কাছে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতার। রাহুলের এ হেন আকস্মিক এবং অকাল প্রয়াণে স্বভাবতই শ্যুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রচুর প্রশ্ন উঠেছে। রাহুলের এ হেন মৃত্যুর দায় নেবে কে? সকলের মনে ঘুরছে এই প্রশ্নও। 

Continues below advertisement

রবিবার মৃত্যু হয়েছে রাহুলের। প্রিয় বাবিনের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর গতকালও শ্যুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুদ্রনীল ঘোষ। আজ বন্ধু-ভাই 'বাবিন'- এর শেষযাত্রায় যাওয়ার সময় ফের একবার শ্যুটিংয়ের নিরাপত্তা নিয়েই কথা বললেন রুদ্রনীল। 'একটা তরতাজা, মেধাবী, বন্ধুবৎসল, অজাতশত্রু একটা মানুষ চলে গেল। তিনি প্রযোজনা সংস্থা হোক, বা চ্যানেল হোক না কেন... বা সেই শ্যুটিংয়ের যাঁরা ম্যানেজার রয়েছেন, বা যাঁরা দায়িত্বে রয়েছেন... যেই যেই... তাঁরা এবং যাঁরা সহকর্মী, সহ-অভিনেতা বা টেকনিশিয়ান ভাই... তাঁরা নিশ্চয় কেউ আমাদের ভাই রাহুলের মতো নিশ্চয় হতে চান না। তাই সেই ক্ষেত্রে যা সত্যিটা লুকিয়ে রয়েছে, সেটাকে কিন্তু অবশ্যই বের করতে হবে এই কারণে, যাতে আমাদের কোনও টেকনিশিয়ান ভাই বা কোনও আর্টিস্ট, তাঁরা যেন আর কেউ রাহুলের মতো পরিণতিতে না যান। নিরাপত্তা যদি না থাকে তাহলে দায় এড়াতে পারে না প্রোডাকশন হাউজ, দায় এড়াতে পারে না চ্যানেল। আরও বড় কথার জায়গা হচ্ছে, যেটা আরও বেশি ইমপরট্যান্ট... নাকি... শাসক দলের সঙ্গে কার ঘনিষ্ঠতা আছে, সেটাকে দিয়ে, পুলিশ-প্রশাসন সবটা দিয়ে ধামাচাপা দেওয়া হবে সত্যিটা...এই দায়টা বা নিজেদের গাফিলতিটাকে সরানোর জন্য বহুলোক একটা চেষ্টা এখন থেকেই শুরু করেছে, কথা ভাসানো শুরু করেছে, যে রাহুল নাকি নিজে স্বচ্ছন্দ্যে জলের ওই জায়গায় গিয়েছিল ইত্যাদি, প্রভৃতি... যা সর্বৈব মিথ্যে বলে ওর সঙ্গে থাকা, ওখানে থাকা মানুষজন জানিয়েছেন, জানাচ্ছেন। কোনও কিছু চাপা দেওয়া না হয়...' 

ইতিমধ্যেই রাহুলের আকস্মিক মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কলাকুশলীদের তরফেও 'সত্যিটা' জানার জন্য তদন্তের দাবি করা হয়েছে। রবিবার দুপুরে তালসারির বিচে ঠিক কী ঘটেছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? জানতে চাইছেন সকলে। 

Continues below advertisement