পার্থপ্রতিম ঘোষ, ঋত্বিক প্রধান, পুরুষোত্তম পণ্ডিত : সিনেমা, সিরিয়াল, নাটক, পডকাস্ট - সবেতেই জনপ্রিয় ছিলেন তিনি। সুলেখক। কুইজে ভাল। অনেকের ভাল সহকর্মী, ভাল বন্ধু। স্পষ্ট রাজনৈতিক মতামত রাখতেন। সুবক্তাও ছিলেন তিনি। তবে মাত্র ৪৩- এই না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে তালসারি পুলিশ। সূত্রের খবর, ওড়িশা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। 

Continues below advertisement

কীভাবে দুর্ঘটনা ঘটল, ঠিক কী ঘটেছিল অভিনেতার সঙ্গে, কারা তাঁকে উদ্ধার করেছিল - সব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। শ্যুটিং ইউনিটের বাকিদের সঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এদিন রাহুলকে উদ্ধারের পর তালসারি সংলগ্ন দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, দিঘা মহকুমা হাসপাতালেই রয়েছে রাহুলের দেহ। তাঁর বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের অনেকেই হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে খবর। 

অনুমান করা হচ্ছে, সমুদ্রে নেমে বড় ঢেউয়ের কবলে পড়েন রাহুল। ঢেউয়ের ধাক্কা সামলাতে পারেননি অভিনেতা। চলে যান সমুদ্রের অনেকটা গভীরে। অনুমান, তালসারির সমুদ্রের চড়ায় সম্ভবত আটকে গিয়েছিলেন রাহুল। তাই আর ফিরতে পারেননি। বেশ কিছুক্ষণ রাহুলকে দেখা না যাওয়ায়, খোঁজ শুরু করেন শ্যুটিং ইউনিটের অন্যান্যরা। এরপরই উদ্ধার করা হয় অভিনেতাকে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। জানা গিয়েছে, আজও শ্যুটিং করেন রাহুল। শ্যুটিংয়ের পর সমুদ্রে নেমেছিলেন তিনি। আগামীকাল সম্ভবত কলকাতায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। কীভাবে কী ঘটেছিল তা পুলিশি তদন্তের পরেই সামনে আসবে। আপাতত হাসপাতালের যাবতীয় নিয়মকানুন সংক্রান্ত কাজ সেরে নেওয়া হচ্ছে। পুলিশি তদন্তও শুরু হয়েছে। 

Continues below advertisement

বাবার হাত ধরে অভিনয়ে হাতেখড়ি রাহুলের। প্রথমে সিরিয়াল। তারপর সিনেমার কাজ। নাটক-কুইজ-বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনা, হালফিলে পডকাস্ট- সবেতেই জনপ্রিয় হয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। সহকর্মী, বন্ধু - সকলেই বলছেন 'এটা মেনে নেওয়া যায় না'। প্রচুর মানুষ ইতিমধ্যেই বিজয়গড়ে রাহুলের বাড়ির সামনে পৌঁছে গিয়েছেন। উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এ হেন মৃত্যুতে শোকস্তব্ধ সকলেই।