মুম্বই: ভাইজানের পরিবারে এখন চিন্তার প্রহর। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সলমন খানের বাবা। কেমন আছেন 'সিনিয়র' খান? জানা যাচ্ছে, ৯০ বছর বয়সী প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের অবস্থা আপাতত স্থিতিশীল। তিনি বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের ICU তে চিকিৎসাধীন।    

Continues below advertisement

চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন সলমান খানের বাবা। ডাঃ জলিল পার্কার এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ সেলিম খানকে আইসিইউ-তে ভর্তি করা হয়। খান পরিবারের চিকিৎসক ডাঃ সন্দীপ চোপড়া তাঁকে প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তারপর নবতিপর সেলিম খানকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, ২০২৫ সালের নভেম্বর মাসের ২৪ তারিখ তিনি ৯০ বছরে পা দেন। 

ডাঃ জলিল পার্কার আরও জানান, বিশেষজ্ঞদের একটি দল তাঁর চিকিৎসা করছেন। সেই দলে রয়েছেন বিশিষ্ট স্নায়ু বিশেষজ্ঞ ডাঃ বিনয় চৌহান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অজিত মেনন এবং বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ নীতিন ডাঙ্গে এবং ডাঃ বিনীত আহলুওয়ালিয়া। আজ সেলিম খানের শারীরিক অবস্থা প্রসঙ্গে আর বিশেষ কিছু জানানো না হলেও এনডিটিভি-কে তিনি জানান, বুধবার সকাল ১১ টায় রোগীর আত্মীয়দের থেকে নেওয়া সম্মতিক্রমে একটি প্রেস বুলেটিন করে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আপাতত তিনি স্থিতিশীল এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।  

Continues below advertisement

সেলিম খানকে হাসপাতালে ভর্তি করানোর পরই তাঁকে দেখতে একে একে হাসপাতালে পৌঁছান খান পরিবারের সদস্যরা। চোখে মুখে চিন্তার ছাপ নিয়েই বাবাকে দেখতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে আসেন সলমন খান, আরবাজ খান এবং আলভিরা খান। প্রিয় মানুষ কেমন আছেন দেখতে হাসপাতালে আসেন নাতি আরহান খান, নির্বান খান এবং আয়ান অগ্নিহোত্রী।  

অভিনেতা হওয়ার স্বপ্ন চোখে নিয়ে মুম্বইতে পা রাখেন ইন্দোরের সেলিম খান। কিন্তু ভাগ্য যেন তাঁর জন্য অন্য উপন্যাস লিখতে ব্যস্ত ছিল। অভিনেতা হিসেবে তেমন সফলতা অর্জন করতে না পেরে সেলিম খান পথ বদলান। শুরু করেন লেখালিখি। ভাগ্যের ফেরে জাভেদ আখতারের সঙ্গে কাজ করতে করতে গড়ে ওঠে সুপারহিট সেলিম-জাভেদ জুটি। সেই জুটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯৭০ এবং ১৯৮০-এর দশকের কিছু বিখ্যাত হিন্দি ছবির চিত্রনাট্য তাঁদের অনবদ্য সৃষ্টি। সেই সিনেমাগুলির হাতি মেরে সাথী, জঞ্জির, সীতা অউর গীতা, শোলে, শান অন্যতম।