টাইগার শ্রফের উপর গুলি চলার ঘটনায় এবার সামনে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাইগার নন, শুটারদের প্রথম টার্গেট ছিলেন একজন খান। আমির খান, বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিশানা করেছিল অভিযুক্ত শুটাররা। ইতিমধ্যেই টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। পুলিশে দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই এই তথ্য জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অনেকদিন ধরেই মুম্বইতে ছিল অভিযুক্তরা। প্রাথমিকভাবে তাদের মূল কাজ ছিল বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতাদের বাড়ির রেইকি করা। তালিকায় ছিল অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার এমনকী সলমন খানের বাড়িও। আর এই তালিকায় ছিল আরও 'খান' অভিনেতার নাম। তিনি আমির খান। প্রায় একমাস ধরে মুম্বইতে থেকে এইসব অভিনেতাদের বাড়ির চারপাশের রেইকি করেছিল। অভিনেতাদের গতিবিধি সম্পর্কে খুঁটিনাটি তথ্য জোগাড়ের চেষ্টা চালিয়েছিল। 

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, রেইকি করার সময় সলমন খানের বাড়ির আশপাশে প্রচুর কড়া নিরাপত্তা বেষ্টনী থাকার ফলে সেখান থেকে টার্গেট সরিয়ে নিয়ে যায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অভিযুক্ত শুটাররা। এরপর আমির খানের বাড়ির রেইকি করতে গিয়েই তারা জানতে পারে যে বেশিরভাগ সময়েই শুটিংয়ের জন্য বাইরে থাকেন আমির। আর নাহলে বাড়ির বাইরে বিশেষ বেরোন না অভিনেতা। মুম্বইয়ের যে বাড়িতে আমির খান অন্তত তিনবার থেকেছেন, সেখানেই রেইকি করেছিল অভিযুক্তরা। আর তারপরই তাদের নিশানায় আসে জ্যাকি শ্রফের পুত্র অভিনেতা টাইগার শ্রফ। কারণ অন্যান্য অভিনেতাদের তুলনায় টাইগারের নাগাল পাওয়া অনেক সহজ বলে মনে হয় শুটারদের। বেশিরভাগ রবিবারেই জুহুর একটি পার্কে ফুটবল ম্যাচ খেলতে যান টাইগার, এই তথ্য রেইকি করে জানতে পারে অভিযুক্তরা। গত ১৮ অক্টোবর জুহুর ওই পার্ক থেকে ফুটবল খেলে বেরনোর পরেই টাইগারের গাড়ির উপর গুলি চালিয়েছিল ৩ শুটার। এই ঘটনায় দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। 

প্রসঙ্গত উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে এর আগেও হুমকি পেয়েছেন আমির খান। এবছর জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি স্ক্রিনশট এবং একটি অডিও ক্লিপ। সেখানে এক ব্যক্তি নিজের নাম বলে আরজু বিষ্ণোই এবং জানায় যে সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। আমির খানকে তাঁর তৃতীয় বিয়ে যা ৫ জুলাই গৌরী স্প্র্যাট- এর সঙ্গে হয়েছে, তা নিয়ে হুমকি দিয়ে ওই ব্যক্তি বলে, 'এসব সনাতন ধর্ম এবং জাতির বিরুদ্ধে'। হুমকি বার্তায় আরও বলা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাং এসব কখনই 'সহ্য করবে না' এবং 'দ্রুত জবাব দেওয়া হবে'। 

Continues below advertisement