ইবোলা আতঙ্কে ঘায়েল বিশ্বের বেশ কয়েকটি দেশ। মূলত আফ্রিকার একাধিক দেশে ছড়িয়ে আতঙ্ক। মৃত্যুও হয়েছে বহু। 'হু' ইবোলাকে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কিন্তু ভারতে কি ঢুকছে ইবোলা? বেঙ্গালুরু-গুজরাতে সন্দেহভাজন আক্রান্ত ঘিরে কড়া করা হয়েছে নজরদারি, জারি করা হয়েছে সতর্কতা। 

Continues below advertisement

 বিমানবন্দরে বাড়ানো হল নজরদারি

আফ্রিকার একাধিক দেশে নতুন করে ইবোলা সংক্রমণের খবর সামনে আসতেই ভারতে সতর্কতা জোরদার করল স্বাস্থ্য কর্তৃপক্ষ। বেঙ্গালুরু এবং গুজরাতে সন্দেহভাজন ইবোলা আক্রান্তের খোঁজ মিলতেই বিমানবন্দর নজরদারি, বিদেশফেরত যাত্রীদের পর্যবেক্ষণ এবং কোয়ারেন্টিন ব্যবস্থাকে আরও কড়া করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ভারতে কোনও ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়নি বলেই জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।

Continues below advertisement

বেঙ্গালুরুর মহিলা ইবোলা নেগেটিভ

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইবোলা সংক্রমণের সন্দেহে বেঙ্গালুরুতে আইসোলেশনে রাখা হয়েছিল উগান্ডার ২৮ বছরের এক মহিলাকে। পরে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। ফলে আপাতত স্বস্তি ফিরেছে প্রশাসনের অন্দরে। আফ্রিকার কয়েকটি অঞ্চলে ফের ইবোলা সংক্রমণ ছড়ানোর খবরের মধ্যেই এই ঘটনা সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছিল।

সামান্য উপসর্গ থাকলেও আইসোলেশন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে আসা যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে এয়ারপোর্ট হেলথ অর্গানাইজেশন (APHO)-এর দল। এক স্বাস্থ্য আধিকারিক বলেন,“কারও সামান্য মাথাব্যথা হলেও কোনও ঝুঁকি নিতে চাইছি না। এমন যাত্রীদেরও আইসোলেশনে রাখা হচ্ছে।” তিনি জানান, সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)-তে।

গুজরাতে সন্দেহভাজন ইবোলা রোগী

এদিকে গুজরাতেও এক ব্যক্তির শরীরে ইবোলার উপসর্গ মিলেছে বলে জানা গিয়েছে। তাঁর নমুনা পরীক্ষার জন্য NIV, Pune-এ পাঠানো হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট আসতে পারে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আমুরি লোকুলা। বয়স ৩৭ বছর। স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে, তিনি আফ্রিকার একটি দেশ এবং বাংলাদেশ ঘুরে প্রথমে মুম্বই পৌঁছন। পরে ব্যবসার কাজে দুই সহযোগীকে নিয়ে ভদোদরা যান।

 জ্বর-কাশির উপসর্গ, পরে কোয়ারেন্টিন

স্বাস্থ্য আধিকারিকদের দাবি, ওই ব্যক্তির জ্বর, সর্দি ও কাশির উপসর্গ দেখা দেয়। প্রথমে তাঁকে ভদোদরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে স্ক্রিনিংয়ের সময় তাঁর ভ্রমণ ইতিহাস সামনে আসতেই তাঁকে আহমেদাবাদ সিভিল হাসপাতালে তৈরি বিশেষ ইবোলা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বুধবার থেকেই তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কী এই ইবোলা ভাইরাস?

ইবোলা একটি মারাত্মক ভাইরাল রোগ, যা মূলত সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর শরীরের তরলের মাধ্যমে ছড়ায়। এই রোগে জ্বর, দুর্বলতা, বমি, ডায়রিয়া এবং গুরুতর ক্ষেত্রে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, দ্রুত শনাক্তকরণ এবং আইসোলেশনই ইবোলা মোকাবিলার সবচেয়ে বড় উপায়।

 ভারতে বাড়ছে সতর্কতা

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে আফ্রিকা থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ট্রাভেল হিস্ট্রি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে দেশে কোনও ইবোলা আক্রান্তের ঘটনা নিশ্চিত না হলেও প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। তাই সন্দেহভাজন প্রত্যেকটি কেসকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।