দিনের শুরুতে মেথি ভেজানো জল কিংবা জলে ভিজিয়ে রাখা মেথি খেলে অনেক উপকার পাবেন আপনি। আয়ুর্বেদ শাস্ত্র মতে মেথির রয়েছে অনেক গুণ। আজকাল আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। সেই তালিকায় রাখতে পারেন জলে ভেজানো মেথি। এবার জেনে নেওয়া যাক, মেথি ভেজানো জল কিংবা জলে ভেজানো মেথি খেলে আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার হবে।
ওজন কমাতে দারুণভাবে কাজ করে মেথি
রোজ সকালে মেথি ভেজানো জল কিংবা জলে ভেজানো মেথি খেলে আপনার শরীরে জমা অতিরিক্ত ফ্যাট অল্প কয়েকদিনের মধ্যে কমতে শুরু করবে। অতএব শরীরে জমা অতিরিক্ত মেদ ঝরাতে রোজ এই বিশেষ জিনিস যুক্ত হোক আপনার মেনুতে। জলে ভেজানো মেথি এবং ওই জল দুটোই খেতে পারেন আপনি। এর মধ্যেই ফাইবারের পরিমাণ বেশি। তাই অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে। সহজে খিদে পাবে না। খাইখাই ভাব হবে না।
ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে
যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁরা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইলে রোজ মেথি ভেজানো জল খেতে পারেন। বিশেষত টাইপ-২ ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে এই পানীয় খুব ভাল কাজ করে। তবে যাঁদের সুগারের মাত্রা অত্যধিক বেশি, তাঁরা এই টোটকা মেনে চলার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। নাহলে হিতে বিপরীত হতে পারে।
হার্টের স্বাস্থ্যের জন্যেও ভাল মেথি
আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে আপনি রোজই মেথি ভেজানো জল খেতে পারেন। ব্যাড কোলেস্টেরলের মাত্রা সঠিক পরিমাণে বজায় থাকবে। এছাড়াও ব্লাড প্রেশারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে মেথি ভেজানো জল। ফলে সার্বিকভাবেই আপনার হার্টের স্বাস্থ্য ভাল থাকবে এই পানীয় খেলে।
মেথি ভেজানো জল এবং জলে ভিজিয়ে রাখা মেথিটুকু খেতে পারলে আর কী কী উপকার পাবেন, দেখে নিন
- মেথি ভেজানো জল খেতে পারলে তার প্রভাব পড়বে চুল এবং ত্বকেও। চুল হবে উজ্জ্বল, মোলায়েম। চুল পড়ার সমস্যা কমবে। নতুন চুল গজাবে। অন্যদিকে, ত্বকের কালচে দাগছোপ দূর হবে এবং ঔজ্জ্বল্য বাড়বে।
- মেথি নিয়মিত খেতে পারলে খাবার ভালভাবে হজম হবে। তার ফলে হজম সংক্রান্ত সমস্যা দেখা দেবে না। বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা হবে না। সুস্থ থাকবেন আপনি।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।