কলকাতা: NEET-PG এবং NEET-SS-এ ভর্তির ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পথে কেন্দ্রীয় সরকার। ২০২৭ সাল থেকে পার্সেন্টাইল-ভিত্তিক যোগ্যতার বদলে র্যাঙ্ক বা মেধাতালিকার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালুর সুপারিশ করেছে ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে কমিটি। প্রস্তাবটিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)। তবে চূড়ান্ত নিয়মকানুন এখনও তৈরি হয়নি।
আরও পড়ুন: কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এই কমিটির সুপারিশ, শুধু আসন ফাঁকা পড়ে রয়েছে বলে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতার মান কমানো উচিত নয়। পাশাপাশি, নন-ক্লিনিক্যাল পিজি কোর্সের ফি কমানো এবং প্রি-ক্লিনিক্যাল ও প্যারা-ক্লিনিক্যাল বিষয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের সার্ভিস বন্ড থেকে ছাড় দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কাউন্সেলিংয়ে দেরি এবং আসন ফাঁকা থাকার সমস্যা মেটাতেও একাধিক পদক্ষেপের সুপারিশ করেছে কমিটি।
NEET-PG-তে আসন ফাঁকা থাকায় বারবার কাট-অফ কমানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৩ সালে সব বিভাগের ক্ষেত্রে যোগ্যতার পার্সেন্টাইল শূন্যে নামানো হয়। ২০২৪ সালেও জেনারেল ও EWS বিভাগের কাট-অফ ১৫ এবং সংরক্ষিত বিভাগের ক্ষেত্রে ১০ পার্সেন্টাইলে নামানো হয়েছিল।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে পরিস্থিতি আরও বিতর্কিত হয়। ২০২৬ সালের ১৩ জানুয়ারি তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের আগে জেনারেল বিভাগের কাট-অফ ৫০ থেকে ৭ পার্সেন্টাইলে এবং SC, ST ও OBC বিভাগের ক্ষেত্রে ৪০ থেকে শূন্যে নামানো হয়। এর ফলে অতিরিক্ত ৯৫ হাজার ৯১৩ জন প্রার্থী কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার যোগ্য হন।
আরও পড়ুন: সকাল সকাল ইডি হানা কলকাতা সহ ৪ জায়গায়, হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ
বারবার কাট-অফ কমানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২০২৬ সালের মে মাসে স্থায়ী সমাধানের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরির কথা বলে সুপ্রিম কোর্ট। এরপর কেন্দ্র ১২ সদস্যের কমিটি গঠন করে। এবার সেই কমিটি র্যাঙ্ক-ভিত্তিক ভর্তি ব্যবস্থার সুপারিশ করেছে। রিপোর্টের উপর আবেদনকারীদের বক্তব্য জানানোর সময় দিয়ে শুনানি মুলতুবি রেখেছে শীর্ষ আদালত। ২০২৭ থেকে নতুন ব্যবস্থা চালু হবে কি না, তা নির্ভর করছে চূড়ান্ত নিয়ম এবং সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের উপর।
