Air India Flight : এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানে যাত্রীদের তরফে উঠল গুরুতর অভিযোগ। মূলত অভিযোগ করা হয়েছে এক ক্রু সদস্যের বিরুদ্ধে। এক যাত্রীর অভিযোগ, ব্যাঙ্কক থেকে দিল্লি আসার বিমানে ঘটেছে এমন কিছু অপ্রীতিকর ঘটনা যার জেরে চূড়ান্ত অপমানিত বোধ করেছেন তিনি। এক বিদেশি যাত্রীও অভিযোগ করেছেন। অভিষেক চৌধুরী নামের এক যাত্রীর অভিযোগ, টিকিট কাটার সময় আগে থেকেই খাবার বুক করেছিলেন তিনি। নিজের জন্য নিরামিষ খাবার এবং ভাইয়ের জন্য আমিষ খাবার। গত ১৯ জানুয়ারি বিমানে চড়ার পর খাবার চাইতে গেলেই শুরু হয় সমস্যা। যাত্রীর অভিযোগ, তিনি আমিষ খাবার চাওয়ার পর তাঁর কাছে টিকিট দেখতে চান এক বিমানকর্মী। অভিষেকের আরও অভিযোগ, ওই ক্রু সদস্য তাঁর পাশাপাশি, তাঁর পাশে বসা এক বিদেশি যাত্রীর সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। অভিষেক চৌধুরী নামের ওই যাত্রীর অভিযোগ, বিমানকর্মী তাঁকে রীতিমতো শাসাচ্ছিলেন। এমনকি পাইলটও একপ্রকার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এই যাত্রী।
একটি ভিডিও এক্স মাধ্যমে শেয়ার করেছেন অভিষেক। সেখানে তাঁর পাশে বসা ফ্রান্সের যাত্রীকেও অভিযোগ করে বলতে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে একজন কেবিন কর্মী এত রুক্ষ ব্যবহার করেছেন যে, তাঁর নিজেকে কুকুরের মতো মনে হয়েছে। অভিষেকের কথায়, 'আমি আমিষ খাবার চাওয়ার পর, আমার টিকিট দেখতে চাওয়া হয়। নিজেকে কুকুরের মতো মনে হচ্ছিল। আজ আমি এয়ার ইন্ডিয়ার যাত্রী। তবে আগামী দিনে আর চড়তে পারব না এয়ার ইন্ডিয়ার বিমানে।' অভিষেক আরও বলেছেন, ওই কেবিন ক্রুকে তিনি বলেছিলেন তাঁর সঙ্গে ওই ভাবে কথা না বলতে। বদলে তাঁকে চুপ করে বসে থাকার নিদান দেন বিমানকর্মী।
খাবার চাওয়ায় যাত্রীর কাছে টিকিট দেখতে চান বিমানকর্মী। অভিষেক সেই সময় জানিয়েছিলেন যে আগে থেকেই খাবারের অর্ডার দিয়েছেন তিনি। কিন্তু বারবার তাঁর কাছে টিকিট দেখতে চাওয়ায় সেটাও দেখিয়ে দেন তিনি। এরপর অভিযুক্ত ক্রু মেম্বার তাঁর এক অধস্তন কর্মীকে ডেকে টিকিটের স্ক্রিনশট নিতে বলেন। তারপরেই খাবার ফিরিয়ে দেওয়ার জন্য দোষারোপ করতে থাকেন অভিষেককে। এমনই অভিযোগ যাত্রীর। গোটা ঘটনায় ক্ষুব্ধ যাত্রী বিমানের লগবুক চান অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু এ ব্যাপারে কোনও কথা বলতেই সাফ আপত্তি জানান ওই ক্রু সদস্য। মীনাক্ষী চতুর্বেদী নামের এক বিমানকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যাত্রী অভিষেক চৌধুরী। এয়ার ইন্ডিয়ার এই যাত্রীর অভিযোগ পুরো ব্যাপারটাই বিমান সংস্থার কর্মীরা চূড়ান্ত অপেশাদারিত্বের সঙ্গে রুক্ষ ভাবে সামাল দিয়েছেন।
অভিষেকের কথায়, 'আমার ২২ বছরের ভাই সারা প্লেনে খাবার পায়নি। আমি এই ব্যবহার পেলাম। এয়ার ইন্ডিয়ার বিমান কি আমার জন্য বিনামূল্যে উড়েছে? আমায় অসম্মান করেছে। একজন বিদেশি যাত্রীকেও অসম্মান করেছে। পাইলট তুষার সিং একটি চিঠি লিখে আমায় পাঠিয়েছে বলেছেন আমার আচরণ বাকি যাত্রীদের অসুবিধার সৃষ্টি করেছে। প্লেন নামার পর পাইলট এবং ক্রু সদস্যরা আমায় হুমকি দিয়েছে যে আমি নিয়ম ভেঙেছি। জোর করে আমার ফোন দেখেছে।'
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে তাঁরা সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও দেখেছে। গোতা ঘটনার তদন্ত করে দেখা হবে।