চেন্নাই : প্রশ্ন করলেই ‘বিদেশি এজেন্ট’ তকমা না দিয়ে কেন্দ্রীয় সরকারের উচিত প্রশ্নের উত্তর দেওয়া...যন্তর মন্তরে প্রতিবাদ কেন নিষিদ্ধ করা হবে ...একাধিক শানিত প্রশ্ন তুলে করেছিলেন লম্বা পোস্ট। এমনকী কেন্দ্রকে নিশানা করেছিলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের গ্রেফতারি নিয়েও। গতকাল থেকেই চর্চায় তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি, অধুনা দলত্যাগী কে আন্নামলাইয়ের পোস্ট। এককালে বিজেপির ঘরের লোক ছিলেন তিনি। চলতি বছরেই কে আন্নামালাই ‘উই দ্য লিডার্স’ (We the Leaders) নামক সংগঠন তৈরি করেন। তাহলে কি আন্নামালাইয়ের ‘উই দ্য লিডার্স’ সিজেপির সঙ্গে হাত মেলাবে ? তুঙ্গে জল্পনা। ঠিক সেই সময়ই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। তড়িঘড়ি তাঁর ব্যাখ্যা সিজেপি-কে সমর্থন করি না।
কার্যত যখন আলোচনার কেন্দ্রে আন্নামালাই, তখনই তিনি ৩৬০ ডিগ্রি ঘুরে বললেন, তিনি অভিজিৎ দীপকের দলকে সমর্থন করছেন, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। বৃহস্পতিবার তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে দেন, "আমরা ককরোচ জনতা পার্টিকে কখনো সমর্থন করি না। তাদের কর্মসূচি আলাদা, আর আমাদেরটাও আলাদা," চলতি বছরের শুরুতে নিজের রাজনৈতিক উদ্যোগ শুরু করার জন্য বিজেপি ত্যাগ করেন আন্নামালাই। তারপর সম্প্রতি আন্নামালাইয়ের পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন, তাহলে কি তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি এবার সিজেপির হাত ধরবেন। কিন্তু তিনি স্পষ্ট বলে দেন, গণতন্ত্রে প্রতিটি রাজনৈতিক দলেরই লড়াই করার অধিকার রয়েছে...দেশপ্রেম নিয়ে আমাকে কারও জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। একই প্রসঙ্গে আন্নামালাই জোর দিয়ে বলেন, নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া যায় না।
