নয়াদিল্লি: ট্রেন ছিনতাই থেকে কনভয় লক্ষ্য করে হামলা, এতদিন স্থলভাগের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, এবার জলভাগেও আক্রমণে সক্ষম হয়ে উঠল পাকিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন ‘বালোচ লিবারেশন আর্মি’ (Balochistan Liberation Army)। তিন পাক উপকূলরক্ষী বাহিনীর তিন সৈনিককে তারা হত্যা করেছে বলে খবর। আরব সাগরে টহলরত থাকাকালীন তারা হামলা চালায় বলে জানা গিয়েছে। 

Continues below advertisement

‘বালোচ লিবারেশন আর্মি’র মিডিয়া শাখা Hakkal-এর তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবিপি আনন্দ ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি। তবে ভিডিও-য় দেখা গিয়েছে, স্পিড বোটে চেপে গিয়ে পাক সেনার উপর হামলা চালানো হয়। মেশিন গান ব্যবহার করে গুলিবর্ষণ করা হয় এলোপাথাড়ি।

পাকিস্তানের The Balochistan Post জানিয়েছে, রবিবার হামলা চালিয়েছে ‘বালোচ লিবারেশন আর্মি’র সশস্ত্র যোদ্ধারা। পাকিস্তান এবং ইরান উপকূলীয় সীমান্তে টহল চলছিল। পাকিস্তানের গোয়েন্দা এবং পুলিশ আধিকারিকদের দাবি, উপকূল অঞ্চলে টহল চলাকালীন গুলি চালাতে চালাতে হাজির হয় বালোচ বিদ্রোহীরা। ‘বালোচ লিবারেশন আর্মি’র দাবি, নায়েক আফজল, সেপাই জমীল এবং সেপাই উমর মারা গিয়েছে হামলায়। The Balochistan Post জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে। দু’মিনিটের ভিডিওটি ভুয়ো নয়।

Continues below advertisement

বালোচ লিবারেশন আর্মি জানিয়েছে, জিওয়ানির কাছে নৌকাটিকে নিশানা করে হামলা চালায় তারা। স্থলভাগ থেকে জলভাগে অভিযানে প্রসার ঘটানো হল বলেও জানানো হয়েছে। তাদের দাবি, সংগ্রামের নয়া অধ্যায়ের সূচনা হল। গোয়াদর বন্দরের কাছে এই ঘটনা ঘটায় উদ্বেগও ছড়িয়েছে। গোয়াদর বন্দরের মাধ্যমেই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর সংযুক্ত। ওই বন্দরের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ওই অঞ্চলে টহলে বেরনো সেনার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

দীর্ঘ সময় ধরে বালুচিস্তানে সশস্ত্র সংগ্রাম চলে আসছে। এই ঘটনার পর উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুরু হয়েছে তদন্তও। তবে ‘বালোচ লিবারেশন আর্মি’ যে আর নিছক বিদ্রোহের মধ্য়ে সীমাবদ্ধ নেই, তারা যে শক্তিবৃদ্ধি করছে, সে ব্য়াপারে কোও সন্দেহ নেই। ‘বালোচ লিবারেশন আর্মি’ জানিয়েছে, তারা নিজেদের নৌবাহিনীর সূচনা ঘটিয়েছে, যার নাম Hammal Maritime Defence Force. বালুচিস্তানের সমুদ্র উপকূলকে সুরক্ষিত রাখতে আগামীতে Hammal Maritime Defence Force ‘জাতীয় নৌবাহিনী’তে পরিণত হবে বলেও দাবি তাদের।