নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আগে বড় ঘটনা পঞ্জাবে। মালগাড়ি যাওয়ার সময় তীব্র শব্দে বিস্ফোরণ রেললাইনে। বিস্ফোরণের জেরে মারাত্মক ক্ষতি হয় রেললাইনের। দীর্ঘ ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রইল ওই রেললাইনের উপর দিয়ে। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রেলের নিরাপত্তা আরও আঁটোসাটো করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। (Punjab Railway Line Blast)

Continues below advertisement

শুক্রবার রাত ৯টা বেজে ৫০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। পঞ্জাবের ফতেগড় সাহিব জেলার সিরহিন্দ স্টেশনের কাছে, অমৃতসর-দিল্লি রুটের সঙ্গে সমান্তরাল ভাবে এগনো মালগাড়ির লাইনে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মালগাড়ির লোকো পাইলট আহত হয়েছেন। ক্ষতি হয়েছে মালগাড়ির ইঞ্জিনের।এর নেপথ্যে নাশকতার ছক রয়েছে বলে মনে করা হচ্ছে। (Blast in Punjab)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কানপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছিল ট্রেনটি, যা সিরহিন্দ থেকে ৪-৫ কিলোমিটার দূরে অবস্থিত। সেই সময় তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা তেমন বেশি না হলেও, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। মালগাড়ি চলাচলের যে লাইন, তার ক্ষতি হয়েছে অনেকটাই। 

Continues below advertisement

রোপার রেঞ্জের ডিআইজি নানক সিংহ দুর্ঘটনাস্থলে পৌঁছন। একাধির তদন্তকারী দলও পৌঁছয় ঘটনাস্থলে। পাশাপাশি, বিশেষজ্ঞদের দলকেও ডাকা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কোনও প্রাণহানি ঘটেনি। বড় ধধরনের ক্ষতিও হয়নি তেমন। লোকো পাইলটের গালে ক্ষত হয়েছে। তবে বিপন্মুক্ত তিনি। ইঞ্জিনের ক্ষতি হয়েছে। তবে তেমন গুরুতর কিছু নয়। 

বিজ্ঞানসম্মত উপায়েই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় রেখে চলছে তদন্তপ্রক্রিয়া। শীঘ্রই দুর্ঘটনার নেপথ্য কারণ বেরিয়ে আসবে এবং যে বা যারা দায়ী, তাদের গ্রেফতার করা হবে বলে আশাবাদী পুলিশ। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, গতকাল রাতে তীব্র শব্দ শোনা যায় বহু দূর থেকেও। 

আপাতত রেল আইনের ১৫০ নং অনুচ্ছেদে মামলা দায়ের হয়েছে। অসৎ উদ্দেশ্য নিয়ে ট্রেনের ক্ষতিসাধনের ধারা যুক্ত রয়েছে মামলায়। কয়েক দিন আগেই পঞ্জাব পুলিশ দুই সন্ত্রাসী সংগঠনের পর্দাফাঁস করে। গ্রেফতার করা হয় পাঁচ জনকে, যারা নিষিদ্ধ BKI (বব্বর খালসা ইন্টারন্যাশনাল)সংগঠনের সদস্য বলে জানা যায়। বিপুল অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। উদ্ধার হয় RDX নির্ভর বিস্ফোরকও। 

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল। তিনি জানিয়েছেন, রেললাইনে RDX বিস্ফোরণের খবর পেয়েছেন তিনি। বহু দশক ধরে চলে আসা অশান্তির পর যে স্থিতাবস্থা ফিরেছিল পঞ্জাবে, তা নিয়ে বিপদ দেখা দিয়েছে। রাজ্যের শান্তি ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রজাতন্ত্র দিবসের আগে এই মুহূর্তে কড়া সতর্কতা পঞ্জাবে। সেই আবহেই এই ঘটনা।