কলকাতা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা। অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা BSF-এর এক জওয়ান। এরপরই তাঁকে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ওই জওয়ানকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে বলে পরবর্তী রিপোর্টে জানানো হয়েছে।

Continues below advertisement

সংবাদ সংস্থা PTI-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মেঘালয়ের জোয়াই এলাকার আন্তর্জাতিক সীমান্তে ঘটেছে। বাংলাদেশের সিলেট জেলার বিপরীতে এই সীমান্তবর্তী এলাকায় দুই দেশের পর্যটকদের যাতায়াত রয়েছে। কর্তব্যরত অবস্থায় কোনওভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে চলে যান ওই BSF জওয়ান। বিষয়টি নজরে আসতেই তাঁকে আটক করে BGB।

এই ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাংলাদেশের দুই BGB জওয়ান এবং কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে রয়েছেন ভারতীয় জওয়ান। তাঁর সঙ্গে ছিল ওয়াকিটকি, একটি INSAS রাইফেল এবং একটি পাম্প-অ্যাকশন বন্দুক। একটি বাইকে করে তাঁকে নিয়ে যেতে দেখা যায় BGB কর্মীদের।

Continues below advertisement

ঘটনার খবর সামনে আসতেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে BSF। ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী রিপোর্ট অনুযায়ী, বৈঠকের পর তাঁকে মুক্তি দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। দেশের পূর্ব প্রান্তের এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে BSF। সীমান্তের বিভিন্ন অংশে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু এলাকায় এখনও বেড়া নেই। ফলে নজরদারি ও টহলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় জওয়ানদের।                                           

একজন কর্তব্যরত BSF জওয়ানের এভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অন্য দেশের ভূখণ্ডে চলে যাওয়া এবং BGB-র হাতে আটক হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও প্রাথমিকভাবে ঘটনাটিকে অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রম হিসেবেই উল্লেখ করেছেন আধিকারিকরা।