ফ্ল্যাটের মধ্যে আগুনে ঝলসে মৃত প্রৌঢ়
Web Desk, ABP Ananda | 18 Apr 2018 12:12 AM (IST)

কলকাতা: দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে মর্মান্তিক দুর্ঘটনা। ফ্ল্যাটের মধ্যে আগুনে পুড়ে প্রৌঢ়ের মৃত্যু। তখন সবে কলকাতায় কালবৈশাখীর হাওয়া বইতে শুরু করেছে। ঠিক সেই সময়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বালিগঞ্জ সার্কুলার রোডে। আবাসনের ৫ তলায় আগুন লেগে ফ্ল্যাটের মধ্যে ঝলসে মৃত্যু প্রৌঢ়ের। বালিগঞ্জ সার্কুলার রোডের একটি অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে একাই থাকতেন বছর পঞ্চাশের স্বপন ভট্টাচার্য। মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ হঠাৎই তাঁর ফ্ল্যাটে আগুন লাগে। নিচতলায় নিরাপত্তারক্ষীদের ডাকতে আসেন ওই প্রৌঢ়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কথা বলতে বলতেই ফের তিনি ফ্ল্যাটে ফিরে যান। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। আসেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। এরপর ফ্ল্যাটের ভিতর থেকে দগ্ধ অবস্থায় প্রৌঢ়কে উদ্ধার করেন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঝোড়ো হাওয়ায় আগুন এতটাই ভয়াবহ আকার নেয়, যে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় ডি ব্লকের ফ্ল্যাটটি। সতকর্তামূলক পদক্ষেপ হিসেবে আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষমেষ ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। তবে কীভাবে আগুন লাগল তা দমকলের কাছেও স্পষ্ট নয়। তবে আবাসনের বাসিন্দাদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।