কলকাতা: অসুস্থ দিলীপ ঘোষ। চিকিৎসার জন্য কলকাতায় আনা হল বিজেপি রাজ্য সভাপতিকে। গত ২ দিন ধরে খড়গপুরের বিধায়ক আবাসনে ছিলেন দিলীপ ঘোষ। সোমবার সকালে সেখানে সরস্বতী পুজোর আয়োজন চলছিল। তার মধ্যে হঠাৎ তাঁর পায়ে সমস্যা শুরু হয়। ক্রমশ দু’টি পা অসাড় হয়ে যেতে থাকে। এর পরই দলের কর্মী-সমর্থকরা তাঁকে নিয়ে কলকাতায় আসেন। ভর্তি করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা স্থিতিশীল দিলীপ ঘোষের। হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ব্রিগেডিয়ার সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, লো ব্যাক পেন নিয়ে ভর্তি হন। ইন্টার-ভার্টিব্রাল ডিস্কে প্রোল্যাপ্স। শিরদাঁড়ার লাম্বার-৩ ও লাম্বার-৪ হাড়ে সমস্যা। এমআরআই সহ বিভিন্ন পরীক্ষা হয়েছে। এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তবে স্বাভাবিক আছেন, খাবার খাচ্ছেন, কথা বলছেন। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে বিজেপির রাজ্য সভাপতিকে।
শিরদাঁড়ার সমস্যা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি দিলীপ ঘোষ
Web Desk, ABP Ananda | 22 Jan 2018 12:07 PM (IST)
