কলকাতা: ই এম বাইপাসের ধারে ধাপার কাছে একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। দুপুর দুটো নাগাদ সেখানে হঠাৎ আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুনের জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ওই কারখানার পাশে বেশ কয়েকটি ঝুপড়ি আছে। আগুনে ইতিমধ্যেই কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। দাহ্য বস্তু থাকায় সহজেই আগুন ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।