কলকাতা: বিধানসভা ভোটে একাই ডবল সেঞ্চুরি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, ২০১৮'র পঞ্চায়েত ভোট এবং ২০১৯’র লোকসভা ভোটের দিকে তাকিয়ে শুদ্ধকরণে জোর দিচ্ছেন তৃণমূলনেত্রী। বুধবার, কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সেই বার্তাই দিলেন তিনি। সূত্রের খবর, এ দিনের বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, অনেক নেতা তাঁদের প্যাডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে নানা ইস্যুতে সুপারিশ করছেন। এ সব চলবে না। সূত্রের দাবি, এরপর তৃণমূলনেত্রী কড়া বার্তা দিয়ে বলেন, এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন। না হলে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব রুখতেও এ দিন কড়া বার্তা দেন তৃণমূলনেত্রী। কারণ, এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলের ভাবমূর্তির ক্ষতি হয়। বাঁকুড়ায় তৃণমূলের জেলা সভাপতি অরূপ খাঁ এবং জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তীর গোষ্ঠীর মধ্যে একাধিকবার দ্বন্দ্বের অভিযোগ উঠেছে। ২ জনকেই এ দিন ভর্ৎ‍সনা করেন তৃণমূলনেত্রী। বাঁকুড়ার জেলা সংগঠন ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই জেলার দুই পর্যবেক্ষক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন, দলীয় সংগঠন নিয়ে রিপোর্ট দিতে। সরিয়ে দিয়েছেন বাঁকুড়া জেলার যুব তৃণমূল সভাপতিকেও। তাঁর জায়গায় নতুন কাকে দায়িত্ব দেওয়া যায়, তা ঠিক করতে বলেছেন অভিষেককে।