নয়া দিল্লি : রক্তাক্ত অবস্থায় বিমান হাইজ্যাক আটকে গোটা বিশ্বের কাছে এখন হিরো ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। প্রাণঘাতী হামলার পর এখন তিনি বিপদসীমার বাইরে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

Continues below advertisement

ক্যাপ্টেন স্মিতের  শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি জারি করেছে ভারত সরকার।   সৌদি আরবের তাবুকের একটি হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। গুরুতর চোট সারিয়ে তোলার জন্য ক্যাপ্টেনকে  আবুধাবির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আবুধাবির হাসপাতালে গিয়ে ক্যাপ্টেন স্মিতের সঙ্গে দেখা করেছেন সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। তিনি ক্যাপ্টেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং  দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের পরিবারের সঙ্গেও দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। পরিবারের সদস্যদের পাশে থাকার এবং ক্যাপ্টেনের চিকিৎসা ও সুস্থতার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আবুধাবিতে ভারতীয় দূতাবাস এবং দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ক্যাপ্টেনের চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রতি নিয়ত খোঁজ নিচ্ছে ভারত সরকার। 

Continues below advertisement

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব প্রশাসনের তরফে ‘ফ্লাইদুবাই’-এর অভিযুক্ত কোপাইলটকে সংযুক্ত আরব আমিরাশাহির কাছে হস্তান্তর করেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ফ্লাইদুবাই’-এর কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে। তবে এখনও বিষয়টি নিয়ে  তদন্ত চলছে। মাঝ আকাশে পাইলটের উপর হামলা চালিয়ে বিমান অকেজো করার চেষ্টা করেছিলেন সহকারী পাইলট। কিন্তু কেন? নাইন ইলেভেনের ধাঁচে হামলার ছক ছিল কি? হামলাকারী কো-পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্মিতকে 'হিরো' বলে উল্লেখ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

২০২২ সালে ফ্লাইদুবাই এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগ দেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর । তার আগে বছর দশেক স্পাইসজেটে পাইলট হিসেবে কাজ করেছেন তিনি। ১৩ বছরেরও বেশি সময় ধরে Boeing 737 সিরিজের বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের। বহু বছর লাইন ট্রেনিং ক্যাপ্টেনের দায়িত্বও পালন করেছেন তিনি। পাইলটদের প্রশিক্ষণ, মূল্যায়ন ও মেন্টরিংয়ের পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা, সংস্থার নির্ধারিত নিয়ম এবং অপারেশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখার মতো অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের। বর্তমানে তিনি ফ্লাইদুবাইয়ের ডায়রেক্ট এন্ট্রি ক্যাপ্টেন হিসাবে কাজ করছেন।