নয়াদিল্লি: NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। এই ঘটনায় পুনের এক জীববিজ্ঞানের অধ্যাপিকাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, তিনিই এই গোটা প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূলচক্রী। ধৃত অধ্যাপিকার নাম মনীষা গুরুণাথ মান্ধারে। তিনি পুনের একটি নামী কলেজের সিনিয়র বোটানি শিক্ষিকা এবং National Testing Agency (NTA)-র বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও যুক্ত ছিলেন।

Continues below advertisement

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে যখন দেশের লক্ষ লক্ষ পড়ুয়া দিনরাত এক করছেন, তখন পর্দার আড়ালে বসে সেই স্বপ্ন বিক্রির মূল কারিগর ছিলেন খোদ প্রশ্নকর্তাই! সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG 2026) ২০২৬-এর প্রশ্ন ফাঁসের (NEET Paper Leak) তদন্তে এবার এক চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য মোড় এল। খোদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র (NTA) প্রশ্নপত্র নির্ধারণ কমিটির সদস্যা তথা পুণের এক নামী কলেজের বটানির অধ্যাপিকাকে গ্রেপ্তার করল সিবিআই (CBI)।

শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুণের ‘মডার্ন কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স’-এর বটানির অধ্যাপিকা মণীষা মান্ধারেকে গ্রেপ্তার (Arrest) করেছে। সিবিআই-এর দাবি, মণীষাই হলেন বায়োলজি প্রশ্ন ফাঁসের অন্যতম প্রধান উৎস বা ‘মাস্টারমাইন্ড’। এই চক্রের অন্যতম ধৃত পাণ্ডা তথা অবসরপ্রাপ্ত কেমিস্ট্রি প্রফেসর পিভি কুলকার্নিকে জেরা করেই মণীষার নাম সামনে আসে।

Continues below advertisement

CBI সূত্রে খবর, NEET-UG ২০২৬ পরীক্ষার বায়োলজির প্রশ্নপত্র তৈরির কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মনীষা মান্ধারে। সেই সুযোগকে কাজে লাগিয়েই পরীক্ষার আগেই নির্দিষ্ট কিছু পড়ুয়ার কাছে প্রশ্ন পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, এপ্রিল মাসে পুনেতে বিশেষ কোচিং সেশনও নেওয়া হয়েছিল, যেখানে সম্ভাব্য প্রশ্ন পড়ানো হয়। পরে দেখা যায়, সেই প্রশ্নগুলির অনেকটাই মূল পরীক্ষার সঙ্গে মিলে গিয়েছে।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এর আগেই কেমিস্ট্রির অধ্যাপক পি ভি কুলকার্নিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকেও এই মামলার অন্যতম ‘কিংপিন’ বলে মনে করা হচ্ছে। CBI-র অনুমান, বহু রাজ্যে ছড়িয়ে থাকা একটি বড় পরীক্ষামাফিয়া চক্র এর পিছনে কাজ করছিল।

বর্তমানে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯ হয়েছে। দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। প্রশ্নফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসতেই NEET-UG ২০২৬ পরীক্ষা বাতিল করা হয়। ফলে লক্ষ লক্ষ মেডিক্যাল পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন পরীক্ষার দিন কবে ঘোষণা করা হবে, সেদিকেই এখন নজর পরীক্ষার্থীদের।