বেঙ্গালুরু : ভয়ঙ্কর । অষ্টম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, হোমওয়ার্ক (Homework) সম্পূর্ণ না করায় তাকে ২০ টাকা জরিমানা করেছিলেন এক শিক্ষক। মৃত্যুর আগে সে একটি চিরকুট সেই প্রসঙ্গ লিখে গেছে বলে দাবি করা হচ্ছে। যাতে সেই পরিস্থিতির কথা বিস্তারিত উল্লেখ করা হয়েছে যার জেরে তাকে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে। বেঙ্গালুরুর আনেকালে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে।
পুলিশ সূত্রের খবর, নোটে ওই ছাত্রী অভিযোগ করে গেছে যে, হোমওয়ার্ক তথা বাড়ির কাজ শেষ না করায় তাকে শাস্তি দিয়েছিলেন এক শিক্ষক। তাকে ২০ টাকা জরিমানা করা হয়েছিল। সে আরও দাবি করেছে যে, তাকে (ছাত্রীকে) TC দিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছিল। ওই চিরকুটে মধুশ্রী লিখেছে যে, এই অপমান ও হেনস্থা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল এবং শেষ পর্যন্ত তাকে এই চরম পথ বেছে নিতে প্ররোচিত করেছে।
