নয়াদিল্লি : শনিবার রাজধানীতে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র ডাকা বড়সড় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নয়ডা ও দিল্লির সংযোগকারী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হল। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চিল্লা সীমান্তে নয়ডা ও দিল্লি পুলিশের পাশাপাশি বিএসএফ জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, পুলিশ সন্দেহজনক গাড়ি দেখলে তল্লাশি এবং প্রয়োজনে লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। নয়ডা থেকে দিল্লিতে প্রবেশকারী বাস, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির ওপর নিরাপত্তা কর্মীরা কড়া নজর রাখছেন।

Continues below advertisement

বিক্ষোভ চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রচেষ্টার অংশ হিসেবে তল্লাশির জন্য গাড়ি থামানো হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে সীমান্তে আরসিসি-এর ব্যারিকেডও বসানো হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে, শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ সীমান্ত সিল করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে। তবে এই প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে সরকারি কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি। 

নয়ডার বেশ কয়েকটি সামাজিক সংগঠন, কৃষক ইউনিয়নের সদস্য এবং কিছু রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন যে, বিক্ষোভের আগে পুলিশ তাঁদের গৃহবন্দি করে রেখেছে। পিটিআই-কে ফোনে নয়ডার প্রভাবশালী কৃষক সংগঠন 'ভারতীয় কিষাণ পরিষদ'-এর সভাপতি সুখবীর খলিফা বলেন, "আমার বাড়ির ভেতরে ও বাইরে পুলিশ এবং অন্যান্য বাহিনীর নিরাপত্তা কর্মীরা মোতায়েন রয়েছেন এবং আমাকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। আমার সহযোগী- যারা কৃষকদের অধিকার নিয়ে কাজ করেন - তাঁরাও আমাকে জানিয়েছেন যে তাঁদের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আগামীকাল দিল্লিতে সহকর্মী কৃষকদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে চাই।" সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, এই অভিযোগগুলির বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Continues below advertisement

এদিকে, নয়ডা মেট্রো রেল কর্পোরেশন (এনএমআরসি) জানিয়েছে যে, শনিবার তাদের পরিষেবা সাপ্তাহিক ছুটির দিনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে। নয়ডা মেট্রোর পরিচালন ব্যবস্থায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। শুক্রবার এনএমআরসি-র এক মুখপাত্র পিটিআই-কে জানিয়েছেন, শনিবার যাত্রীবাহী পরিষেবা স্বাভাবিক সময়সূচি মেনেই চালু থাকবে। রাজধানীতে বিক্ষোভের জেরে দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশ জারির প্রেক্ষিতেই এই বিষয়টি স্পষ্ট করা হল। দিল্লি মেট্রোর নেটওয়ার্ক নয়ডা পর্যন্ত বিস্তৃত এবং সেখানেও বেশ কয়েকটি স্টেশন রয়েছে, যার ফলে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। উল্লেখ্য, এনএমআরসি নয়ডা ও গ্রেটার নয়ডার মধ্যে মেট্রো পরিষেবা পরিচালনা করে এবং তাদের মেট্রো লাইনটি দিল্লির ভৌগোলিক সীমানার মধ্যে প্রবেশ করে না।