নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টির পিছনে ফান্ডিং এবং বিদেশি সহায়তার অভিযোগ উঠেছে। এনিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা জবাব দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, তারা যেন তাদের উদ্বেগের পক্ষে প্রমাণ পেশ করে। ফের একবার একই ইস্যুতে সরব হলেন দীপকে। এক্স হ্যান্ডেলে লিখলেন, 'মোদিই আমেরিকান পণ্যের ওপর শুল্ক কমিয়ে শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছিলেন। মোদিই ৫০০ বিলিয়ন ডলার মূল্যের আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্পের কথায় মোদিই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছিলেন। অথচ কারও কারও মতে, বিরোধী দল এবং সিজেপি নাকি বিদেশি শক্তির নিয়ন্ত্রণে রয়েছে।'

Continues below advertisement

 

দিনকয়েক আগে সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নাগপুরে পৌঁছালে তাঁকে বিদেশি অর্থায়ন ও সহায়তার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। দীপকে বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত একটি তদন্তের নির্দেশ দেওয়া এবং সেই তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা।" এনিয়ে ওঠা প্রশ্নগুলির পিছনের সত্যতা প্রতিষ্ঠার দায়ভার তিনি সরকারের ওপরই ন্যস্ত করেন।

কয়েকদিন আগে ‘লেহরা দো তেরঙ্গা’ যাত্রার আগে আটক করা হয়েছিল অভিজিৎকে। এর পর গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল তাঁকে। প্রায় ২৪ ঘণ্টা পর শেষ পর্যন্ত জামিন পান তিনি।

শর্তসাপেক্ষে অভিজিৎকে জামিন দেয় আদালত। জানাতে হয়, শান্তিভঙ্গ করবেন না বলে। বন্ডে সই করার পরই অভিজিৎকে ছেড়ে দিতে বলা হয়। স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়েছিল অভিজিৎকে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় নতুন করে মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। আটক করা হয়েছিল AISA নেত্রী নেহা বোরাকেও। ছেড়ে দেওয়া হয় তাঁকে। এর আগেও বন্ডে সই করতে হয়েছিল অভিজিৎকে। একবছর শান্তিভঙ্গের মতো কাজ করবেন না বলে জানাতে হয়েছিল।