পার্থপ্রতিম ঘোষ, পুরী : বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত শক্তিশালী ঘূর্ণিঝড় 'আকভান' এগোচ্ছে ভারতীয় উপকূলের দিকে । আপাতত পুরীর দক্ষিণে ৫৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘুর্ণিঝড় । এই মুহূর্তে ল্যান্ডফল নিয়ে বড় তথ্য দিল ভারতীয় আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দুর্যোগ শুরু হয়ে গিয়েছে পুরীতে। আর তা ক্রমেই বাড়বে কাল। আবহাওয়ার গতিবিধি বলছে, শুক্রবার গোপালপুরের কাছে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সম্ভাব্য ল্যান্ডফল হতে পারে অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলে, গোপালপুরের কাছাকাছি। 

Continues below advertisement

আ এই ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে বড় পদক্ষেপ করল ওড়িশা সরকার। ওড়িশার একাধিক বিপজ্জনক ও নিচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর প্রায় ৮০ হাজার মানুষকে উপকূল থেকে সরানো হয়েছে। স্কুল বন্ধ রাখা, সরকারি কর্মীদের ছুটি বাতিল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার মতো পদক্ষেপও করা হয়েছে। 

এদিকে, করা হয়েছে প্রশাসনের তরফে। যেসব পর্যটক রয়েছেন, তাদের পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে। মোতায়েন রয়েছে ODRF, NDRF. ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে গুন্ডিচা মন্দির। তবে জগন্নাথ দেবের মন্দির খোলা রয়েছে। ভিড় তুলনামূলকভাবে অনেক কম।  

Continues below advertisement

অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কতা জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

'আকভান'-এর প্রভাবে রাজ্যেও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আগামীকাল থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।   শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য দাপটের প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। শুক্রবার পর্যন্ত একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের সময়সূচি বদল করেছে ইস্ট কোস্ট রেল। বৃহস্পতিবার ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস ও হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস। এছাড়াও অনেকগুলি ট্রেন দেরিতে ছাড়ছে। যেমন চারলাপল্লি-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস ও জুনাগড় রোড-ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়বে ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে । তালিকায় আছে,   জগদলপুর-ভুবনেশ্বর স্পেশাল, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল-সহ একাধিক ট্রেনও। পরিস্থিতি অনুসারে তালিকাটি লম্বা হতে পারে বলে জানিয়েছে রেল। কিছু ট্রেনকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণও করা হবে। যাত্রীদের ট্রেনের সময়সূচি দেখে যাত্রা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।