বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। ভারতের পূর্ব উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে  ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (IMD)। এরই মধ্যে ঝড় নিয়ে অযথা রং-চড়ানো , ভয় দেখানো, ভুল রিপোর্ট নিয়ে সতর্ক  ওড়িশা সরকার । সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ঝড়ের গতি প্রকৃতি নিয়ে নানা অতিরঞ্জিত রিপোর্ট , ব্যাখ্যা। এই বিষয়ে  সংবাদমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্বঘোষিত আবহবিদদের সতর্ক করে দিন ওড়িশা সরকার।  ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করেছে সরকার। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যে বা যারা এই কাজ করবে তাদের কপালে দুঃখ আছে। সরকারি নির্দেশ অমান্য করে ঘূর্ণিঝড় নিয়ে অযথা আতঙ্ক ছড়ালে, নিয়ম  অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।  দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ অনুযায়ী মামলা করা হতে পারে।

Continues below advertisement

২৬  অক্টোবর সরকার  একটি  বিজ্ঞপ্তি জারি করে।  সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং নির্দিষ্ট কিছু গণমাধ্যমে আসন্ন ঘূর্ণিঝড় সম্পর্কে ছড়িয়ে পড়া যাচাই-না-করা তথ্য দেওয়া হচ্ছে।   অনুমানভিত্তিক ব্যাখ্যা করা হচ্ছে, যা রীতিমতো উদ্বেগজনক। সরকারের দাবি, কোনও কোনও ব্যক্তি এবং স্বঘোষিত আবহাওয়া বিশেষজ্ঞ  ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)-এর পূর্বাভাসের দেওয়া তথ্য বা উল্লেখ ছাড়াই ঘূর্ণিঝড়ের গতিপথ,সম্ভাব্য ল্যান্ডফল , সময়সীমা এবং প্রভাব সম্পর্কে নানারকম তথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে।  তাই সব গণমাধ্যম, কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আবহাওয়া-সংক্রান্ত তথ্য প্রকাশের আগে সরকারি আইএমডি বুলেটিন থেকে তথ্য যাচাই করতে নির্দেশ দেওয়া হচ্ছে। 

এএনআই এর দেওয়া তথ্য অনুসারে , ২৭ অক্টোবর সকালে,  পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব তীব্র হয়ে  প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখন ঝড়ের অবস্থান বিশাখাপত্তনম থেকে প্রায় ৩০০ কিমি দূরে । এর জেরে মঙ্গল ও বুধবার অন্ধ্রপ্রদেশ জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতর।  

Continues below advertisement

এর জেরে পশ্চিমবঙ্গে ২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।