নয়াদিল্লি: একটু এদিক ওদিক হলেই হল। তরতরিয়ে বাড়ে অ্য়াপ ক্যাবের ভাড়া। চার-পাঁচ কিলোমিটার যেতেই গুনতে হয় ৩০০-র বেশি। দেশের সর্বত্র একই অবস্থা। অভিযোগ-অনুযোগ করেও লাভ হয় না কোনও। সেই আবহেই এবার রাস্তায় নামলেন উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের ট্যাক্সি এবং অটোচালকরা। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলি বেশি ভাড়া নিলে, তাঁদের ভাড়া কেন বাড়ানো হবে না, দাবি তুললেন। বেসরকারি অ্যাপক্যাবগুলি নিষিদ্ধ করার দাবিও তুললেন। (Taxi-Auto Strike)

Continues below advertisement

ট্যাক্সি এবং অটোচালকদের ধর্নার জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। পঞ্জাব এবং হরিয়ানাতেও হয়রানির শিকার হন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে অ্যাপ ক্যাবের ভাড়া অস্বাভাবিক রকমের বেড়ে যায়। সাধারণত গ্রেটার কৈলাস থেকে নয়ডা ফিল্ম সিটি যেতে যেখানে ৩০০ টাকার মতো ভাড়া লাগে, সেখানে আজ সকাল ৯টায় Ola, Rapido-র ভাড়া দেখাচ্ছিল ৪০০-র বেশি। ১০টা বাজতে বাজতে ভাড়ার ৫০০ টাকা ছাড়িয়ে যায়। এমনকি ওই দূরত্ব যেতে ৮০০ টাকা গুনতে হয়েছে বলেও অভিযোগ উঠে আসে। (App Cab Ban Demands)

সেই অবস্থাতেই দিল্লির রামলীলা ময়দানে অবস্থান চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সঙ্ঘের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসঙ্ঘ। অটো এবং ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি করছে তারা। সেই সঙ্গে বেসরকারি অ্যাপ ক্যাব এবং বাইক পরিবহণ পরিষেবা নিষিদ্ধ করার দাবি তোলা হয়। অটো রিকশার যে ফিটনেস বেঁধে দেওয়া হয়েছে, তাও প্রত্য়াহারের দাবি জানিয়েছেন সকলে। সংসার চালাতে সমস্য়া হচ্ছে বলে অভিযোগ করেন। 

Continues below advertisement

‘ইন্ডিয়া টুডে’-কে এক ট্যাক্সি-চালক প্রশ্ন তোলেন, সরকার TikTok নিষিদ্ধ করতে পারলে Ola, Uber, Rapido নিষিদ্ধ করা যাচ্ছে না কেন? ওই সব অ্যাপ ক্যাব সংস্থাকে নিষিদ্ধ করলে স্থানীয় ট্যাক্সি, অটোচালকরা উপকৃত হবেন বলে মত তাঁর। তবে ট্যাক্সি এবং অটোচালকদের এই অবস্থান বিক্ষোভের দরুন এদিন হয়রানির শিকার হন সাধারণ মানুষরা। অটোতে তিন কিলোমিটার যেতে প্রায় ১০০ টাকা ভাড়া লাগে। অন্য দিন, তা ৭০-৮০তেই মিটে যায়। ঘণ্টার হিসেবে ১০ কিলোমিটার যেতে যেখানে ট্যাক্সির ভাড়া পড়ে ৩০০ টাকার মতো, আজ ৪০০ টাকা দিতে হয়। 

ভারতীয় মজদুর সঙ্ঘ, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসঙ্ঘের তরফে বিবৃতি দিয়ে বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নিষিদ্ধ করার দাবি ওঠে। বলা হয়, ‘দেশের বিভিন্ন অঞ্চলের পরিবহণ কর্মীরা ধর্মঘটে অংশ নবেন, কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের বিরুদ্ধে সরব হবেন। দিল্লিতে বিজেপির সরকার রয়েছে গত দেড় বছর ধরে। অথচ ট্যাক্সি এবং অটোচালকদের দেওয়া একটি প্রতিশ্রুতিও পূরণ হয়নি’।