কলকাতা: দীপাবলির আগে উৎসবের মরশুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লির করোলবাগের গফ্ফর মার্কেটে। শুক্রবার, ৬ নভেম্বর ধনতেরাসের সকালে বাজারের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ২২টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।
দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, করোলবাগের গফ্ফর মার্কেটের ১৩ নম্বর ব্লকের চেন ওয়ালি গলিতে অবস্থিত পুরী প্লাজার একটি দোকানে প্রথম আগুন লাগে। শুক্রবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। আগুন যাতে আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়তে না পারে, সেই চেষ্টা চলছে।
অগ্নিনির্বাপণ কাজে গতি আনতে ২২টি ফায়ার টেন্ডারের পাশাপাশি অতিরিক্ত জলের ট্যাঙ্কার এবং আলোর সরঞ্জামও পাঠানো হয়েছে। বাজারের ভিতরে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।
তবে ঠিক কী কারণে দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া গিয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানার অপেক্ষায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দীপাবলির আগে ধনতেরাসের দিন গফ্ফর মার্কেটে কেনাকাটার জন্য ক্রেতাদের ভিড় হওয়ার কথা। তার আগেই এই অগ্নিকাণ্ড ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে দমকল বিভাগ।
