নয়া দিল্লি : বৃহস্পতিবার ভোরে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ (Leh), লাদাখ। এনসিএস-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টা ৫৪ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। সংস্থার পক্ষ থেকে X হ্যান্ডেলে জানানো হয়েছে, ভূমিকম্পের অবস্থান ছিল অক্ষাংশ ৩৬.৭২২ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪.৪৫৬ পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৭০০ কিলোমিটার গভীর পর্যন্ত যে কোনও জায়গায় হতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা USGS-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতার ভিত্তিতে তা সাধারণত তিন ভাগে ভাগ করা হয়— মৃদু (Shallow), মাঝারি (Intermediate) এবং বড়মাত্রার ভূমিকম্প (Deep)। যে ভূমিকম্পের গভীরতা ০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে থাকে, তাকে মৃদু ভূমিকম্প বলা হয়। ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে তা ইন্টারমিডিয়েট বা মাঝারি ভূমিকম্প বলে। ৩০০ থেকে ৭০০ কিলোমিটার গভীরতার ভূমিকম্পকে ডিপ বা গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। সেই নিরিখে লাদাখের এই ভূমিকম্পটি ইন্টারমিডিয়েট ক্যাটাগরির মধ্যে পড়ছে। তবে এখনও পর্যন্ত এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
আরও পড়ুন : 'একদল লাইসেন্সপ্রাপ্ত গুণ্ডা' কেন্দ্রীয় বাহিনীকে শাণিত আক্রমণ, উদয়নারায়ণপুরের বুথে বৃদ্ধ-মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিষেক
