অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আপনিও কি ট্রেনের কামরায় তারস্বরে ফোনে কথা বলেন? নাকি অন্যের হাঁইহাঁই করে চিৎকারে অতিষ্ঠ? আর অনেক রেলযাত্রীর জীবনেই নতুন বিড়ম্বনা চারিদিক থেকে বিচিত্র রিলের মিউজিক বা ডায়লগ ! কারও কান ঝালাপালা, কেউ আবার আপন ফোনেই খুশি ! আপনার আপত্তির তোয়াক্কা না করেই সহযাত্রী রিলস দেখেন ফুল সাউন্ডে? তাহলে আর বরদাস্ত করতে হবে না। যাত্রীদের জন্য এবার রেল আনল নতুন নিয়ম। এরপর থেকে এই কাজ করলে কপালে ঝুলছে শাস্তির খাঁড়া। যাত্রীদের সুবিধার্থে এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। রেলকর্তাদের মতে, এ ধরনের আচরণ নিয়ে প্রায়ই বিরক্ত বোধ করেন সহযাত্রীরা। অসুবিধায় পড়েন। ট্রেনের কামরার ভেতরের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে এই ধরনের আচরণ। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কোচে, এরকম কাজ করলে বিরক্তিকর হতে পারে।
পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপনার প্লেলিস্ট ব্যক্তিগত। এই যাত্রাপথ সম্মিলিত। স্টেশন এবং ট্রেনে ইয়ারফোন ব্যবহার করুন, ফোন করার সময় আওয়াজ কম রাখুন এবং রিংটোনের ভলিউম কমিয়ে দিন। এই সামান্য বিবেচনা সকলের জন্য যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে। পিটিআই সূত্রের খবর, এক বিবৃতিতে রেলওয়ে জোন জানিয়েছে যে, এই ধরনের কাজ করলে রেলওয়ে আইনের ১৯৮৯-এর ১৪৫ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যেখানে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং / অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
পূর্ব রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, অনেকদিন ধরেই অভিযোগ আসছিল। আমরা চাই যাত্রীরা সুস্থভাবে যাত্রা করুন। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কোনও যাত্রী যদি রেলস্টেশন বা ট্রেনের ভিতরে জোরে ফোনে কথা বলেন বা গান বাজান, তাহলে সেই ব্যক্তিকে নিয়ম ভঙ্গের অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হবে। এমনকী শাস্তি হিসেবে ৬ মাস পর্যন্ত জেলও হতে পারে তাঁর। পূর্ব রেলের এই সিদ্ধান্ত খুশি যাত্রীরা।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রেল স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ স্থানে এবং ট্রেনের কামরায়, বিশেষ করে এসি কোচে সচেতনতামূলক নোটিস লাগানো হবে। যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে রেলস্টেশন ও ট্রেনের কামরায় নিয়মিতভাবে বিভিন্ন ভাষায় এই সংক্রান্ত বিষয় ঘোষণা করা হবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
