কলকাতা: বিশ্বজুড়ে ডাউন ফেসবুক পরিষেবা। শুক্রবার, ভারতীয় সময় সন্ধে ৭-র কিছু পর থেকেই, হঠাৎ স্তব্ধ হয়ে যায় ফেসবুক পরিষেবা। বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এই ফেসবুক। শুধু গল্প বা নিছক আড্ডা নয়, ফেসবুক ইতিমধ্যেই লাখ লাখ মানুষের কাজের মাধ্যমেও পরিণত হয়েছে। শুক্রবার হঠাৎ ফেসবুক ডাউন হয়ে যাওয়ায়, সমস্যায় বহু মানুষ। হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক মেসেঞ্জার। ফেসবুকে পোস্ট করা যাচ্ছে না কিছুই। ব্যবহার করা যাচ্ছে না, মেসেঞ্জার। তবে শুধু ফেসবুক নয়, রাজ্য জুড়ে ডাউন ইনস্টাগ্রাম পরিষেবাও। বেশ কিছুক্ষণ ধরে, কাজ করছে না ইনস্টাগ্রাম ও!

Continues below advertisement

হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম!

প্রাথমিকভাবে অনেকেই মনে করে থাকতে পারেন যে, তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে কোনও সমস্যা হচ্ছে। তবে সাবেক ট্যুইটার, অর্থাৎ এক্স-এ চোখ রাখলেই দেখা যাবে, এই সমস্যায় পড়েছেন সবাই। প্রত্যেকেই জানাচ্ছেন তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে গিয়েছে। বা লগ ইন থাকলেও, ফেসবুকে কিছুই পোস্ট করা যাচ্ছে না। একই পরিস্থিতি ইনস্টাগ্রামেরও। সেখানেও কিছুই নতুন করে পোস্ট করা যাচ্ছে না। দীর্ঘদিন আগে থেকেই মেটার মাধ্যমে যুক্ত হয়ে গিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। ফলে অধিকাংশ সময়েই দেখা যায়, ফেসবুক ডাউন হলে, কাজ করা বন্ধ করে দেয় ইনস্টাগ্রামও। তবে উল্লেখ্য, কাজ করছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার! সেখানে এখনও পর্যন্ত কোনও সমস্যা দেখা যায়নি।

Continues below advertisement

অনেকেই বলছেন, বিভিন্ন জনের ক্ষেত্রে সমস্যাটা বিভিন্ন। যেমন যাঁরা আইফোন ইউজার, তাঁরা ইনস্টাগ্রামে ডিএম না করতে পারলেও, রিফ্রেশ হচ্ছে তাঁদের ফিড। তবে ডেক্সটপ বা ল্যাপটপ থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কোনোটাই খুলছে না। যাঁরা অ্যানড্রয়েড ফোনে ফেসবুক ব্যবহার করছেন, অধিকাংশের ক্ষেত্রেই মেসেঞ্জার অ্যাপটি নিজে থেকেই লগ আউট হয়ে গিয়েছে। তবে ফেসবুকের ফিড রিফ্রেশ করা যাচ্ছে মোবাইল থেকে। তবে কমবেশি ফিড স্ক্রোল করা গেলেও, কোনও জায়গা থেকে, কোথাওই নতুন কিছু পোস্ট করা যাচ্ছে না। সেই কারণে, 'এক্স'-এই নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন মানুষ। বেশ কিছুক্ষণ ধরে এই সমস্যা চললেও, এই সমস্যা খুব তাড়াতাড়িই সমাধান হয়ে যাবে বলেই আশা করছেন ইউজাররা।

 

 

আরও পড়ুন: Shakira: কড়া শরীরচর্চা নয়, শাকিরা ওজন ঝরান মজা করেই! ডায়েটের নিয়মও খুব সহজ