ফেসবুক, ইনস্টাগ্রাম - অনেকেরই দিনরাতের সঙ্গী। সকাল চোখ খোলা থেকে, রাতে চোখ বোজা - অনেকে তো পারলে প্রতিক্ষণের আপডেট দিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ায়। যত দিন যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়ছে। আর সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে প্রতারিত হওয়ার সম্ভাবনা। ফেসবুক, ইনস্টাগ্রামের আনাচা-কানাচে ছড়িয়ে রয়েছে প্রতারণার ফাঁদ। সামান্য ভুলে একবার ফাঁদে পা দিলেই সর্বনাশ। আর নিস্তার নেই।
সম্প্রতি ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট- এর তরফেও এসেছে তেমনই আভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন Indian Cyber Crime Coordination Centre (I4C)- এর অন্তর্গত ওই বিভাগ জানিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারিত, পর্নোগ্রাফি অ্যাপের ছদ্মবেশে থাকা ক্ষতিকারক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীদের বিপদে ফেলতে পারে। মূলত আর্থিক জালিয়াতি বৃদ্ধির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। অর্থাৎ অজান্তেই আপনি আর্থিক প্রতারণার ফাঁদে পড়তে পারেন।
I4C- র তরফে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। সংস্থার তরফে একাধিক অ্যাপকে ইতিমধ্যেই চিহ্নিতও করা হয়েছে। “Night Play”, “Reloop”, “Kyss”, “Vimo”, “Rivo”, “Nexo”, “Vixa” - এই সমস্ত অ্যাপ এবং এই ধরনের আরও অনেক অ্যাপের মাধ্যমে বিপদে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ইউজাররা। ওই সতর্কবার্তা অনুযায়ী, ক্ষতিকারক অ্যাপ্লিকেশনগুলো প্রধানত ফেসবুক এবং ইনস্টাগ্রামে পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন বা লিঙ্কের মাধ্যমে প্রচার করা হয়। এইসব বিজ্ঞাপনে ইউজাররা ক্লিক করে ফেললে সরাসরি পৌঁছে যাবেন সেইসব ওয়েবসাইটে যেখানে পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট রয়েছে। এখানে গুগল প্লে স্টোরের বাইরে ইউজারদের অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট বা APK ডাউনলোড করতে বলা হবে ইউজারদের।
সতর্কবার্তায় এও বলা হয়েছে যে, এইসব ক্ষতিকারক ওয়েবসাইট মূলত '.live' ডোমেনের আওতায় রয়েছে। ইউজার যদি একবার প্রাথমিক অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলেন, তাহলে তাঁকে এবার সেকেন্ডারি প্যাকেজ ডাউনলোড করতে বলা হবে। আর তা লুকানো থাকবে অ্যাপ আপডেটের আড়ালে, যা সহজে আপনি বুঝতে পারবেন না। আর এভাবে ধীরে ধীরে ফাঁদে ফেলা হবে ইউজারদের। বারংবার বিভিন্ন জিনিস ডাউনলোড এবং ইনস্টল করতে বলার মাধ্যমে ইউজারদের থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ নথি জেনে নেবে অ্যাপ কর্তৃপক্ষ। তারপরেই শুরু হবে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলার নানা ধরনের প্রক্রিয়া।
তবে শুধু যে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের পর্নোগ্রাফি সংক্রান্ত অ্যাপের বিজ্ঞাপনের দ্বারাই আপনি আর্থিকভাবে প্রতারিত হতে পারেন, তা কিন্তু নয়। ভিপিএন- এর মাধ্যমেও আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল হয়ে যেতে পারে ক্ষতিকারক অ্যাপ্লিকেশন। একজন ইউজার কোন পথে ইন্টারনেট ব্যবহার করছেন, সেটা জেনে নিয়েও প্রতারকরা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। অতএব সতর্ক থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে যা কিছু ফোনে ডাউনলোড কিংবা ইনস্টল করা চলবে না।
তথ্যসূত্র - IANS
