আগরা: গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করা হল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বাড়ি। ‘ভোটচুরি’র অভিযোগে দেন কয়েক আগে আই বাড়ির বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। আর তার পরই জ্ঞানেশের পৈতৃক বাড়িতে ‘শুদ্ধিকরণ’ অভিযান চলল। সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। (Gyanesh Kumar House Purification)
উত্তরপ্রদেশের বিজয়নগর এলাকায় জ্ঞানেশের পৈতৃক বাড়ি। গত ২৮ সেপ্টেম্বর সেখানে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এর পর বাড়ির মূল ফটকে ‘জ্ঞানেশ গদ্দার’, ‘চোর’ লেখা চোখে পড়ে। SIR-এ ব্যাপক অনিয়ম এবং ভোটচুরির অভিযোগে গোটা দেশ যখন উত্তাল, জ্ঞানেশের পৈতৃক বাড়ির বাইরেও বিক্ষোভ চোখে পড়ে। (Gyanesh Kumar News)
সেই ঘটনার পর জ্ঞানেশের পৈতৃক বাড়িতে ‘শুদ্ধিকরণ’ অভিযান চলে। প্রথমে ‘কলস যাত্রা’ বেরোয় বাড়ি থেকে। এর পর বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়, যেখানে সমবেত কণ্ঠে ‘রামায়ণের’ ‘সুন্দরকাণ্ড’ পাঠ করা হয়। জ্ঞানেশের মা সত্যবতী গুপ্ত দাবি করেন, বাড়ি ‘নোংরা’ করে গিয়েছিল বিক্ষোভকারীরা। ফটকে ‘আপত্তিকর’ শব্দ লেখা হয়েছিল। তাই ‘শুদ্ধিকরণে’র সিদ্ধান্ত।
সংবাদমাধ্যমে সত্যবতী বলেন, “ওই কারণেই কলস যাত্রা বের করেছি আমরা। মন্দির থেকে গঙ্গাজল আনা হয়েছে। ‘সুন্দরকাণ্ড’ পাঠ সম্পন্ন হওয়ার পর বাড়ি শুদ্ধ করি।” এই ঘটনায় নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আগরার কংগ্রেস সভাপতি অমিত সিংহ বলেন, “এর চেয়ে জ্ঞানেশ কুমারের সুবুদ্ধির জন্য যজ্ঞ করতে পারতেন। কংগ্রেসও যোগ দিত তাতে।”
এই ‘শুদ্ধিকরণে’র নেপথ্যে অস্পৃশ্যতার মানসিকতা লুকিয়ে বলেও দাবি কগ্রেসের। তাদের দাবি, দলিত এবং অনগ্রসর শ্রেণের মানুষ বিক্ষোভে শামিল ছিলেন। জ্ঞানেশের বাড়ির দেওয়াল স্পর্শ করেন তাঁরা। সেই কারণেই বাড়ি ‘শুদ্ধ’ করা হল কি না, প্রশ্ন তুলেছে তারা।
জ্ঞানেশের বাড়ির বাইরে বিক্ষোভের ঘটনায় ছয় কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে পুলিশ। একাধিক ধারায় মামলা দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পরবর্তীতে জামিন পান ওই কংগ্রেস কর্মীরা।
