চামোলি : প্রকৃতির ভয়ঙ্কর রূপ। জলের স্রোতে ভেসে গেল আস্ত একটা ব্রিজ।  প্রবল বৃষ্টি এবং হড়পা বানের দাপটে খেলনার মতো দুমড়ে গেল লোহা-কংক্রিটের সেতু।  চামোলি জেলার নীতি উপত্যকায় (Niti Valley) তীব্র স্রোতে ভেসে গেল শক্ত পোক্ত একটা ব্রিজ। কার্যত হাড়হিম করা ভিডিও এসেছে সামনে ।  মুহূর্তের মধ্যে জলের প্রচণ্ড ধাক্কায় সেতুটি উপড়ে গিয়ে নদীর জলে ভেসে যায়। ভয়াবহ ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে সোশ্যাল  মিডিয়ায়। কয়েক সেকেন্ডেই নদীর স্রোতে তলিয়ে যায় সেতুটি। ফের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ত্রস্ত উত্তরাখণ্ডের চামোলি। 

Continues below advertisement

কয়েক সেকেন্ডেই নদীর স্রোতে তলিয়ে গেল চামোলির নীতি উপত্যকার একটি ব্রিজ। ভারী বৃষ্টির পর  তামক নালার জলের পরিমাণ আচমকা বেড়ে যায়। প্রবল স্রোতে ভয়াল চেহারা নেয় নালাটি।  স্রোতের ধাক্কাতেই সেতুটি ভেঙে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায় কাদা মেশানো বিপুল পরিমাণ জলপ্রবল গতিতে আছড়ে পড়ে ধাতব সেতুটির উপর। কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটির দুমড়ে ভেঙে যায়।  আর একটু হলে স্রোতে ভেসে যেত বেশ কিছু যানবাহনও। 

 

এই ভয়ঙ্কর ঘটনা ঘটার ঠিক আগেই একটি ট্রাক এবং একটি SUV-সরে আসে। নইলেই সেতুটির সঙ্গে ভেসে যেত সেগুলিও।   India Today-এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি যানবাহনও প্রবল স্রোতে ভেসে যায় । সেই গাড়িটির চালক এখনও নিখোঁজ।  উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। সেতু ভেঙে যাওয়ার ফলে নীতি সীমান্ত এলাকার সঙ্গে সড়কপথে যোগাযোগ এক্কেবারে ব্যাহত। সীমান্তবর্তী এলাকায় যাতায়াত এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও নতুন করে সমস্যা তৈরি হয়েছে।  পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে   SDRF  এবং NDRF । প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।