মুম্বই: IIT Bombay ক্যাম্পাসে এবার বদলাতে চলেছে সিলিং ফ্যান। সূত্রের খবর, হস্টেল-সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সিলিং ফ্যান সরিয়ে দেওয়ালে লাগানো ফ্যান বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই নতুন ফ্যানের প্রথম দফার চালান ক্যাম্পাসে পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই ইনস্টলেশনের কাজ শুরু হতে পারে।

Continues below advertisement

এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এসেছে, যখন IIT Bombay-র দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ চলছে। মহারাষ্ট্রের ইয়বতমালের বাসিন্দা ২২ বছরের সাহিল Energy Science and Engineering বিভাগের ছাত্র ছিলেন।

রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার এবং ChatGPT-এর মাধ্যমে পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার অভিযোগ উঠেছিল সাহিলের বিরুদ্ধে। IIT Bombay জানিয়েছে, ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা শুরু করা হয়নি। শিক্ষক ও বিভাগের প্রধান তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং তাঁকে আশ্বস্ত করেছিলেন যে ঘটনাটি তাঁর পড়াশোনার ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে না।

Continues below advertisement

এরপরই সাহিলের মৃত্যুর ঘটনা সামনে আসে। ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়। পড়ুয়ারা স্বাধীন তদন্ত, প্রশাসনের জবাবদিহি এবং ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আরও ব্যবস্থা-সহ একাধিক দাবি তুলেছেন।

সাহিলের পরিবারের তরফে প্রতিষ্ঠানগত হয়রানি এবং জাতিগত বৈষম্যের অভিযোগও তোলা হয়েছে। অন্যদিকে, মুম্বই পুলিশ এই মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং এক অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন।

এই পরিস্থিতিতে সিলিং ফ্যান বদলে দেওয়াল-লাগানো ফ্যান বসানোর খবর সামনে এসেছে। সূত্রের দাবি, ফ্যান বদলের আলোচনা প্রায় দু’মাস ধরে চলছিল এবং সম্প্রতি প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। যদিও IIT Bombay প্রশাসন এখনও এই বিষয়ে কোনও বিস্তারিত সরকারি বিবৃতি দেয়নি।

NCP (SP)-এর মুখপাত্র অনিশ গাভান্ডে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, শুধু ফ্যান বদল করলেই IIT-গুলিতে পড়ুয়াদের আত্মহত্যার মতো বড় সমস্যার সমাধান হবে না। তাঁর মতে, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং আত্মহত্যা প্রতিরোধের মতো বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সাহিল ওয়াকোড়ের মৃত্যুর পর IIT Bombay-তে ছাত্রদের মানসিক স্বাস্থ্য, প্রশাসনিক জবাবদিহি এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফ্যান পরিবর্তনের পাশাপাশি এই বৃহত্তর বিষয়গুলিতে প্রতিষ্ঠান কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।