কলকাতা: পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করা দুই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিনের আলোতেই। 

Continues below advertisement

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের দিক থেকে অন্তত তিনজন ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে আসছিলেন। তাঁরা কাঁটাতারের বেড়া পেরিয়ে ধানখেতের মধ্যে ঢোকার চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে। সীমান্তে মোতায়েন BSF জওয়ানরা তাঁদের দেখতে পেয়ে সতর্ক করেন এবং থামতে বলেন। কিন্তু অভিযোগ, সতর্কবার্তা উপেক্ষা করে তাঁরা এগিয়ে যেতে থাকেন।                                       

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় BSF। ওই ঘটনায় দু'জন নিহত হন। তৃতীয় ব্যক্তি ফের পাকিস্তানের দিকে পালিয়ে গিয়েছেন বলে BSF সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ, মোট তিনজন সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।                              

Continues below advertisement

মৃতদের কাছে অস্ত্র ছিল কি?

ঘটনার পর সীমান্তের কাছেই নিহত দু'জনের দেহ পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের কাছে কোনও অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী ছিল কি না, তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। BSF-এর আইজি-র প্রাথমিক বক্তব্য অনুযায়ী, তাঁদের ভারতে ঢোকার উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে এবং কোনও ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেটিও তদন্তের বিষয়।                                                                                           

এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তৃতীয় অনুপ্রবেশকারী পাকিস্তানের দিকে পালিয়ে যাওয়ায় তাঁর পরিচয় এবং উদ্দেশ্য জানার বিষয়টিও নিরাপত্তা সংস্থাগুলির নজরে রয়েছে। ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি এখনও তদন্তাধীন। নিহত দু'জনের পরিচয় এবং তাঁদের কাছে কোনও অস্ত্র বা অন্যান্য সামগ্রী ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের পরই সামনে আসতে পারে।