কলকাতা : পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও অস্থিরতার আবহে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। রান্নার গ্যাসের সরবরাহ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এবার আমেরিকা থেকে রেকর্ড পরিমাণ LPG বা তরল পেট্রোলিয়াম গ্যাস আমদানি করছে দেশ। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি গ্যাসের সংকটের আশঙ্কা রয়েছে? নাকি সম্ভাব্য সঙ্কটের আগাম প্রস্তুতি নিচ্ছে ভারত? সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ায় চলা উত্তেজনার ফলে  জ্বালানি বাজারে অনিশ্চয়তা বেড়েছে। এই অবস্থায় রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে চিন্তা নেই, বলে বারবার আশ্বাস দিয়েছে কেন্দ্র। কিন্তু তারই মধ্যে একাধিকবার দাম বেড়েছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের। দাম বেড়েছে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারেরও। এর পরেও যাতে সরবরাহ অনিশ্চিত না হয়ে পড়ে, তার জন্য আমেরিকার উপর নির্ভর করছে ভারত? 

Continues below advertisement

আমেরিকা থেকে রেকর্ড পরিমাণ LPG আমদানি

বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক তথ্য অনুযায়ী, জুন মাসে ভারত ইতিমধ্যেই আমেরিকা থেকে প্রায় ৬.৩৫ লক্ষ টন LPG আমদানি করেছে, যা দেশের মোট LPG আমদানির প্রায় ৬৫ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই পরিমাণ আমদানি মাস শেষে নতুন রেকর্ড গড়তে পারে। মার্চ ২০২৬ থেকে আমেরিকাই ভারতের সবচেয়ে বড় LPG সরবরাহকারী দেশ হিসেবে উঠে এসেছে।

Continues below advertisement

কেন বাড়ছে আমেরিকার উপর নির্ভরতা?

পশ্চিম এশিয়ার সংঘাত এবং সরবরাহ সংক্রান্ত অনিশ্চয়তার কারণে ভারতকে বিকল্প উৎসের দিকে ঝুঁকতে হচ্ছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকার এবং তেল বিপণন সংস্থাগুলি ভবিষ্যতের সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় আগাম মজুতও বাড়ানোর চেষ্টা করছে।

UAE থেকে আমদানি কমল

এক সময় ভারতের সবচেয়ে বড় LPG সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র বদলেছে।জুন মাসে UAE থেকে LPG আমদানি কমে দাঁড়িয়েছে মাত্র ৯০ হাজার টনে। মধ্যপ্রাচ্যে সংঘাত এবং সরবরাহ ব্যবস্থার উপর তার প্রভাবের কারণেই এই পতন বলে মনে করা হচ্ছে।

সাধারণ গ্রাহকদের উপর কী প্রভাব পড়তে পারে?

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে গ্যাস সরবরাহ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বরং ভারত আগাম প্রস্তুতি নিয়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক বাজারে যদি দীর্ঘদিন অস্থিরতা বজায় থাকে, তাহলে ভবিষ্যতে LPG-র দাম এবং সরবরাহ উভয়ের উপরই প্রভাব পড়তে পারে। সেই কারণেই ভারত এখন একাধিক দেশ থেকে জ্বালানি আমদানির বিকল্প পথ খুঁজছে। পশ্চিম এশিয়ার অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আমেরিকা থেকে রেকর্ড পরিমাণ LPG আমদানি ভারতের জ্বালানি নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।