নয়া দিল্লি: রুশ ড্রোন হামলায় ইউক্রেনের সুমি শহরে ভারতীয় Kusum Group-এর একটি বড় ওষুধ কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন আহত হয়েছেন। স্থানীয় আধিকারিকদের দাবি, হামলায় কারখানার মূল কাঠামোর বড় অংশ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Continues below advertisement

আরও পড়ুন: SRFTI - এর সামনে ফের উত্তেজনা, হাতে গেরুয়া পতাকা, ব্যারিকেড ভাঙল 'বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ'

হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার নিন্দা করে নিহত ব্যক্তির পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সুমি ছাড়াও কিয়েভ ও দনিপ্রোতেও ড্রোন হামলা চালানো হয়েছে। দনিপ্রোতে হামলায় ছয় জন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।               

Continues below advertisement

Kusum Group-এর সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ১৯৯৪ সালে ভারতীয় ওষুধ ইউক্রেনে রফতানির মাধ্যমে সংস্থাটির যাত্রা শুরু হয়। ২০০২ সালে অন্য সংস্থার ওষুধ বিতরণের বদলে নিজেদের ব্র্যান্ড বাজারজাত করতে শুরু করে Kusum। পরবর্তীতে ওষুধ উৎপাদনে প্রবেশ করে সংস্থাটি। ২০০৭ সালে ভারতে কারখানা তৈরির পর ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে উৎপাদন কেন্দ্র চালু করা হয়।

বর্তমানে সংস্থাটি ৫০টিরও বেশি, মূলত জেনেরিক ওষুধ তৈরি করে এবং ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তান ও ফিলিপিন্স-সহ ন’টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করে। সংস্থাটি নিজেকে ভারতীয় শিকড়যুক্ত ইউক্রেনীয় কোম্পানি হিসেবে পরিচয় দেয়। এর পরিচালনার সঙ্গে ভারতীয় নাগরিক রাজীব গুপ্ত যুক্ত রয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও সুমির কারখানাটি এতদিন উৎপাদন চালিয়ে আসছিল। তবে সাম্প্রতিক হামলায় বড় ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: এসআইআর নিয়ে মহারাষ্ট্রে বিরাট বিক্ষোভ মিছিল, আরও কাছাকাছি উদ্ধব - রাজ, ভোটে ব্যালট ফেরানোর দাবি

এদিকে, সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় দ্রুতগতির Shahed ড্রোন ব্যবহার করে একাধিক হামলা চালাচ্ছে। অন্যদিকে ইউক্রেনও নিজেদের তৈরি FP-7 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম যুদ্ধক্ষেত্র ব্যবহারের কথা জানিয়েছে। ফলে যুদ্ধের পাশাপাশি শিল্প ও পরিকাঠামোর উপরও হামলার ঝুঁকি আরও বেড়েছে।