নয়াদিল্লি :  দুই যাত্রীর একটা ফ্লাইট মিস। আর তার জন্য রেলওয়েকে দিতে হবে কড়কড়ে ৬৩,১৯৯ টাকা । একেবারে আইন মেনে মোটা টাকা ক্ষতিপূরণ। 

Continues below advertisement

জম্মু থেকে দিল্লি হয়ে গুয়াহাটি যাওয়ার কথা ছিল এক দম্পতির। প্রথমে ট্রেন, তারপর প্লেনে করে গুয়াহাটি। কিন্তু শেষ পর্যন্ত ট্রেন লেট করার জন্য উড়ানটি ধরতে পারেনি তাঁরা। এর ফলে প্রথমে তাঁদের বাড়তি হোটেল ভাড়া গুনতে হয় আর তারপর আরও বাড়তি খরচ করতে হয় তাঁদের। তার জন্য জম্মু জেলা উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন দম্পতি। শেষমেষ জম্মু জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন নর্দার্ন রেলওয়েকে বড় নির্দেশ দেয়। মোহিত সিং ভাউ এবং তাঁর স্ত্রী দামিনী বিলোরিয়াকে মোট ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ট্রেন দেরিতে পৌঁছনোর জন্যই তাঁরা উড়ান ধরতে পারেননি।  

অভিযোগ , ওই দম্পতি ২০২২ সালের ১৯শে ডিসেম্বর জম্মু থেকে দিল্লি দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলেন। ট্রেনটির পরের দিন ভোর ৩:৫৫ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, সেটি প্রায় চার ঘণ্টা দেরিতে সকাল ৭:৫০ মিনিটে পৌঁছায়। গুয়াহাটি যাওয়ার ফ্লাইটটি সকাল ৭:১৫ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি যখন পৌঁছায় ততক্ষণে ফ্লাইটটি ছেড়ে দিয়েছে। এর ফলে তাঁদের যেমন হয়রানি হয়, তেমন আর্থিক ক্ষতিও হয়, বাড়তি খরচও হয় অনেক। তাই ক্ষতিপূরণ চেয়ে উপভোক্তা কমিশনের দ্বারস্থ হন তাঁরা। দম্পতি জানান , নতুন বিমানের টিকিটের জন্য তাঁদের ৩৫,৬৯৯ টাকা এবং দিল্লিতে হোটেলে থাকার জন্য ২,৫০০ টাকা খরচ করতে হয়েছে। মোটের উপর ট্রেনের বিলম্বের কারণে ৩৮,১৯৯ টাকা খরচ হয়ে গিয়েছে। তারা আর্থিক ক্ষতি বাবদ ৬০,০০০ টাকা, এছাড়া মানসিক চাপ ও ভোগান্তির  জন্য ৫০,০০০ টাকা এবং মামলা পরিচালনার খরচ বাবদ ৩০,০০০ টাকা দাবি করেন। পাল্টা রেলওয়ে  জানায়, ইচ্ছাকৃত নয়, কুয়াশার কারণেই এই বিলম্ব। 

Continues below advertisement

সবিক বিবেচনা করে কমিশন রেলকে নির্দেশ দেয়,  বিমানের নতুন টিকিট ও হোটেল খরচ বাবদ ব্যয় হওয়া ৩৮,১৯৯ টাকা ও ৭.৫ শতাংশ হারে বার্ষিক সুদসহ ফেরত দিতে।  এছাড়াও এই দেরির জন্য দম্পতিকে যে মানসিক চাপ ও হয়রানির ম্যে দিয়ে যেতে হহয়েছে, সেই বাবদ,২০,০০০ টাকা এবং মামলা পরিচালনার খরচ বাবদ ৫,০০০ টাকা দিতে বলা হয়েছে। সবমিলিয়ে ক্ষতিপূরণের পরিমাণ ৬৩,১৯৯ টাকা। কমিশন নির্দেশ দিয়েছে যে, আগামী ছয় সপ্তাহের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে হবে।