নয়া দিল্লি: মধ্যপ্রদেশের ইনদওরে একটি বাড়ির বাইরে EV চার্জিং পয়েন্টে বিরাট বিস্ফোরণ হয়। গাড়ি চার্জিংয়ের সময় আগুন থেকে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের তীব্রতায় ৭ জনের মৃত্যু হয় ওই মুহূর্তেই।
ইভি চার্জিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের পর ঘরের ভিতরে মজুত থাকা অন্তত ১০টি গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে। ভোররাতে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির ভেতরে থাকা রান্নার গ্যাসের কয়েকটি সিলিন্ডারও বিস্ফোরিত হওয়ায় আগুন আরও তীব্র হয়ে ওঠে।
সহকারী পুলিশ কমিশনার (এসিপি) কুন্দন মান্দলোই পিটিআইকে জানিয়েছেন, ব্রজেশ্বরী অ্যানেক্স কলোনিতে অবস্থিত বাড়িটিতে ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগে। তিনি বলেন, আগুনে সাতজন নিহত হয়েছেন। এসিপি জানান, ওই ঘটনার পর একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং তার সন্ধান চলছে।
পুলিশ কমিশনার সন্তোষ কুমার সিং বলেছেন, তিনতলা বাড়িটির বাইরে একটি গাড়ি চার্জ করা হচ্ছিল। চার্জিং পয়েন্টে একটি বিস্ফোরণ ঘটে এবং এর ফলে গাড়িতে লাগা আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে ফেলে। বাড়ির দরজাগুলোতে ইলেকট্রনিক লক লাগানো থাকায় পুলিশের পক্ষে ভেতরে প্রবেশ করা কঠিন ছিল বলে জানান অফিসার।
পুলিশ অফিসার এও জানান, আগুনের সময় বাড়ির ভেতরে আটকা পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় বাড়িটির ভেতরে প্রায় ১০ জন ছিলেন বলে জানা গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমরেন্দ্র সিং।
সরকারি মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাংঘোরিয়া বলেছেন, আগুনে নিহত সাতজনের মরদেহ একটি সরকারি হাসপাতালে আনা হয়েছে। তিনি এও বলেন, "আগুন থেকে উদ্ধার হওয়া আরও দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তারা অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।"
