নয়াদিল্লি: আমেরিকা এবং ইজ়রায়েলের আক্রমণের জবাবে আরও আগ্রাসী ইরান। দুবাই, আবু ধাবি, দোহা, মানামায় লাগাতার আগুন ঝরিয়ে যাচ্ছে তারা। পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গা লক্ষ্য করে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে। ইজ়রায়েলেও জোরাল আক্রমণ চালাচ্ছে তারা, যাতে কমপক্ষে ন'জনের মৃত্যু হয়েছে বলে খবর। (Iran Retaliates)
রবিবার ইজ়রায়েলের বেইত শেমেশে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে সেখানে, যাতে কমপক্ষে ন'জন মারা গিয়েছেন বলে খবর। আরও ২৫ জন আহত হয়েছেন। (US-Israel Attack Iran)
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, কোনও ভাবেই মাথা নোয়াবে না ইরান। তাঁর বক্তব্য, "সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করেই চলব আমরা। ইরানের সশস্ত্রবাহিনী আক্রমণ চালিয়ে যাবে, খুঁজে খুঁজে শত্রুর ঘাঁটিতে আঘাত হানবে। এত বছরের ত্যাগের পরিণাম হিসেবে শহিদ হতে হয়েছে আমাদের সর্বোচ্চ নেতাকে।"
ইজ়রায়েলের পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলেও আগুন ঝরাচ্ছে ইরান। কুয়েতে এক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩২ জন। আল-আদান হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক।
সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, এখনও পর্যন্ত ইরানের হামলায় তিন জন প্রাণ হারিয়েছেন সেখানে। নিহতদের মধ্যে একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের। সেখানে আহতের সংখ্যা ৫৮। ইরানের ছোড়া ১৬৫টি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে সফল হয় তারা, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা সম্ভব হয়। আরও দু'টি ক্রুজ মিসাইলও চিহ্নিত করে তারা। পাশাপাশি, ৫৪১টি ড্রোনও চিহ্নিত করা হয়, যার মধ্যে ৫০৬টি ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি সংযুক্ত আরব আমিরশাহির।
ইজ়রায়েলের দাবি, সিরিয়ার আকাশেও ইরানের ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা গিয়েছে। দামাস্কাসের কাছে তীব্র বিস্ফোরণও ঘটেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য, "আত্মরক্ষার্থে আর কোনও সীমাবদ্ধতা নেই আমাদের। উপসাগরের অন্য দিকের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই আমাদের, প্রতিবেশীসুলভ সুসম্পর্কই রয়েছে, যা ধরে রাখতে আগ্রহী আমরা। আমরা যা করছি, তা আমেরিকার আগ্রাসন থেকে আত্মরক্ষার্থেই করছি। আমরা পারস্য উপসাগরীয় ভাইয়েদের আঘাত করছি না, আমেরিকাকে নিশানা করে হামলা চালাচ্ছি।" এদিন হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারেও হামলা চালায় ইরান। তবে তাদের দাবি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাদের।