নয়াদিল্লি: ভারত মহাসাগরে সলিল সমাধি ঘটেছে সতীর্থদের। ভারতে মাথা গুঁজে ছিলেন অন্য একটি জাহাজে সওয়ার সৈনিকরা। অবশেষে ওই ইরানি সৈনিকদের একাংশকে দেশে ফেরত পাঠানো হল। শুক্রবার সন্ধেয় কোচি থেকে চার্টার্ড বিমানে চেপে রওনা দেন তাঁরা। তবে সকলেই দেশে ফিরে যাননি, এখনও কিছু ইরানি সৈনিক ভারতে রয়েছেন। (India Iran Relations)

Continues below advertisement

ভারতে মহড়া দিয়ে ফিরে যাওয়ার সময়, গত ৪ মার্চ ভারত মহসাগরে ইরানের নৌবাহিনীর জাহাজ IRIS Dena-য় হামলা চালায় আমেরিকা। শ্রীলঙ্কা উপকূলের কাছে ওই হামলায় কমপক্ষে ৮৭ জন মারা যান। ওই দিনই কেরলের কোচি বন্দরে আশ্রয় নেয় ইরানের আর একটি যুদ্ধজাহাজ IRIS Lavan. (Iranian Ship)

যান্ত্রিক গোলযোগের কারণ দেখিয়ে, গত ২৮ ফেব্রুয়ারি কোচির বন্দরে আশ্রয় চেয়েছিল IRIS Lavan. ১ মার্চ তাদের আবেদন মঞ্জুর করা হয়। ৪ মার্চ কোচি পৌঁছয় জাহাজটি। ওই দিনই ভারত মহাসাগরে লোকজন সমেত IRIS Dena ডুবিয়ে দেয় আমেরিকা। এখনও কোচি বন্দরেই নোঙর করা রয়েছে IRIS Lavan. সেখানে রয়েছেন ইরানি সৈনিকদের অনেকেও। 

Continues below advertisement

জানা গিয়েছে, সৈনিকদের উদ্ধার করে নিয়ে যেতে চার্টার্ড বিমান পাঠিয়েছিল ইরান। সন্ধে ৭টা নাগাদ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি। বিমানে সওয়ার ছিলেন কোচি বন্দরে আটকে থাকা ইরানি সৈনিকরা। পাশাপাশি, শ্রীলঙ্কায় আটকে পড়া ৩৩ জন ইরানি নাগরিকও কলম্বো থেকে কোচি এসে পৌঁছেছিলেন। তাঁরাও বাড়ির উদ্দেশে রওনা দেন। IRIS Dena-র নিহত সৈনিকদের দেহও তোলা হয় চার্টার্ড বিমানটিতে। 

IRIS Lavan এখনও কোচি বন্দরেই রয়েছে। কয়েক জন ইরানি সৈনিক কোচিতেই রয়ে গিয়েছেন। জাহাজটির মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ দেখবেন তাঁরা। তবে কোচি থেকে সরাসরি তেহরান রওনা দেয়নি চার্টার্ড বিমানটি। কোচি থেকে সেটি আর্মেনিয়া পৌঁছয়। সেখান থেকে তেহরান পৌঁছনোর কথা সকলের। 

ভারতে ইরানের দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছু চবি পোস্ট করা হয়েছে, যাতে IRIS Dena-র নিহত সৈনিকদের সারি সারি কফিন চোখে পড়েছে। পতাকায় মোড়া হয় কফিনগুলি। পোস্টে লেখা হয়, ‘IRIS Dena যুদ্ধজাহাজে আমেরিকার সন্ত্রাসী হামলায় নিহত শহিদদের পবিত্র দেহ’।

 IRIS Lavan-এ ১৮৩ জন সওয়ার ছিলেন। কয়েক জন বাদে, বাকি সকলেই দেশে ফিরে যেতে রওনা দেন বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানিয়েছে, IRIS Dena-র ৪৫ জনের দেহ হাসপাতাল থেকে রাজাপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছিল। তবে IRIS Dena থেকে বেঁচে ফেরে ৩২ জন ইরানি সৈনিক এখনও শ্রীলঙ্কায় আটকে। তাঁদের দেশে ফেরত পাঠানোয় আমেরিকা আপত্তি জানিয়েছে এবং চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ। মানবিকতার খাতিরে আপাতত তাঁদের একমাসের ভিসা মঞ্জুর করেছে কলম্বো। বিষয়টি নিয়ে তারা শলা-পরামর্শ নিচ্ছে বলেও জানা গিয়েছে।