নয়াদিল্লি: আরও জোরাল প্রত্যাঘাত ইরানের! সৌদি আরবের রাজধানী রিয়াধে আমেরিকার দূতাবাসে তীব্র হামলা ড্রোন হামলা চালানো হয়েছে সেখানে। দু'টি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইরানই ড্রোন হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। (Iran Drone Attack)
স্থানীয় সময় সোমবার রাতে রিয়াধে আমেরিকার দূতাবাসে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা যাচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। রিয়াধের ওই এলাকা কূটনীতিক সদর দফতর হিসেবেও পরিচিত। বিভিন্ন দেশের দূতাবাস, কনস্যুলেট রয়েছে সেখানে। (US-Iran War)
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দু'টি ড্রোন ফেলা হয় আমেরিকার দূতাবাসের উপর। তবে আগুন বেশি ছড়াতে পারেনি, তবে বিল্ডিংটির বেশ ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। সৌদিতে আমেরিকার দূতাবাসের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, আমেরিকার নাগরিকদের বিনা প্রয়োজনে বাইরে না বেরনোই ভাল। যাঁরা জেড্ডা, রিয়াধ বা দাহরানে রয়েছেন, অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে তাঁদের। আপাতত দূতাবাসের দিকে না ঘেঁষা উচিত।
এর আগে, সোমবার কুয়েত এবং জর্ডানে আমেরিকার দূতাবাসে হামলায় চালায় ইরান। জর্ডানের আম্মানে আমেরিকার দূতাবাসে হামলা চালানো হয়। সেখানকার কর্মীদের আপাতত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই দূতাবাস খালি করে দিয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশেই আমেরিকার দূতাবাসের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে।
গত ২৮ ফেব্রয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল মিলে ইরানে হামলা চালায়। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই এবং দেশের একাধিক শীর্ষ সেনাকর্তার মৃত্যু হয় তাতে। সেই থেকেই তপ্ত পশ্চিম এশিয়া যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই জায়গাগুলিকে নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। নতুন করে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েলও।