Iran Israel US War: আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ শাসক হিসেবে ঘোষিত হয়েছে তাঁর পুত্র মোজতবার নাম। আর এরপর থেকেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এও দাবি করেছেন যে, মোজতবা খামেনেই 'শান্তিতে থাকতে পারবেন না।' এরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ট্রাম্পকে হুমকি দিয়ে বলেছেন, 'আপনার চেয়ে বড়রাও ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের ব্যাপারে সতর্ক থাকুন, আপনিই না শেষ হয়ে যান।' 

Continues below advertisement

ইরান ও ইজরায়েল-আমেরিকার যুদ্ধের ১২ দিনেও চলছে লাগাতার হামলা। ট্রাম্পের হরমুজ-হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যে, হরমুজ প্রণালীর কাছে, ইরানের নৌবাহিনী লক্ষ্য করে জোর হামলা চালাল আমেরিকা। অন্ততপক্ষে ১৬টি ইরানি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। এ নিয়ে সোশাল মিডিয়া ট্রুথ হ্যান্ডলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "যদি কোনও কারণে হরমুজ প্রণালীর কাছে মাইন পাতা হয় এবং তা দ্রুত সরানো না হয়, তাহলে ইরানের সামরিক পরিণতি ভয়ঙ্কর হবে।"

Continues below advertisement

এর পাশাপাশি মঙ্গলবার রাতে, মেহরাবাদ বিমানবন্দরসহ তেহরানের একাধিক এলাকায় হামলা চালাল ইজরায়েল-আমেরিকা। নতুন করে লেবাননের রাজধানী বেইরুট ও তেহরানে হামলা চালিয়েছে ইজরায়েল। তেহরানে তেলের ডিপোয় বোমাবর্ষণের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

চুপ থাকেনি ইরানও। বুধবার ভোরে পাল্টা টানা ৩ ঘণ্টা ইজরায়েলের একাধিক শহরে মিসাইল হামলার দাবি করেছে তেহরান। জেরুসালেমে শোনা গেছে তীব্র বিস্ফোরণের শব্দ। তেল আভিভে মিসাইল হামলা করেছে তেহরান। ইরানের তরফে প্রকাশ্যে আনা হয়েছে মিসাইল হামলার একাধিক ভিডিও। বাহরিন, ইরাকের কুর্দিস্তানে, আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করেও ইরানের হামলার খবর মিলেছে। 

ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার দূতাবাসে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ৭ সেনা জওয়ানের মৃত্যু সহ অন্তত ১৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। ইজরায়েলের স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছে লেবাননের জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা। উপসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ শহর, বিমানবন্দর ও তেল ডিপোয় হামলা চালিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলকভাবে আরব আমিরশাহিতে বন্ধ করে দেওয়া হয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ তেল শোধনাগার।