কলকাতা : মঙ্গলবার সকালে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই পথচারী। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সিগন্যাল থেকে ডান দিকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপর একের পর এক পথচারীকে ধাক্কা দিতে থাকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালককে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার সকালের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার কলকাতার ঢাকুরিয়া চত্বরে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঢাকুরিয়া স্টেশনের কাছে শরৎ ঘোষ গার্ডেন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। এই ঘটনায় পথচারী-সহ অন্তত ৭ জন গুরুতর আহত হন। দুর্ঘটনায় ফুটপাথের একটি দোকানও খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর গাড়িটি রাস্তায় ফেলে রেখেই চালক-সহ তিন জন এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রাত ১০টা নাগাদ কসবার দিক থেকে ঢাকুরিয়া স্টেশনের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ে সেটি। ফুটপাথে থাকা পথচারীদের কয়েকজন গাড়ির ধাক্কায় আহত হন। পাশাপাশি রাস্তার ধারের একটি দোকানেও ধাক্কা লাগে।
