জম্মু : রাত বিরেতে ভয়ঙ্কর কাণ্ড জম্মুতে। দাউদাউ করে জ্বলতে শুরু করে রেলওয়ে স্টেসনের নিকটবর্তী শিব মার্কেট (Shiva Market)। আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে নেয় একের পর এক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিপাশ। শেষ পাওয়া খবর অনুসারে, ঘটনায় ১৫টিরও বেশি দোকান এবং একটি হোটেল একেবারে পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান , এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জম্মুর রেলওয়ে স্টেশনের কাছে শিবা মার্কেটের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতে একে একে ১৫টিরও বেশি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। একটি হোটেল পুড়ে ছারখার হয়ে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, কালো ধোঁয়ায় ঢাকে বাজার।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রবিবার রাতে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই ছড়াতে শুরু করে আগুন। ঘনবসতিপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশি। কিছুক্ষণের মধ্যেই একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে যায়। বাজারের উপর ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছিল কয়েক কিলোমিটার দূর থেকেও। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী এবং জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে যায়। ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক দোকানদারের সারা জীবনের সঞ্চয় এবং ব্যবসার সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চারিদিকে হাহাকারের ছবি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানায়নি প্রশাসন । তবে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এই অগ্নিকাণ্ডের ফলে বহু ব্যবসায়ী ও তাঁদের পরিবারের দু বেলা দুমুঠো খাবার জোটানো মুশকিল হয়ে যেতে পারে।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের একাংশের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট (Electrical Short Circuit) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দোকানদার ও স্থানীয় বাসিন্দারা নিজেদের জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করেন। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জম্মু রেলওয়ে স্টেশন (Jammu Railway Station)-এর কাছের এই শিব মার্কেটটি একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা। এখানে বহু দোকান ও লজ রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যধিক বেশি বলেই মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি। তবে ক্ষতিগ্রস্ত দোকান ও হোটেলের সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
