রাঁচি : এ যেন কোনও সিনেমার স্ক্রিপ্ট। প্রথমে নিখোঁজ। তারপর দেহ শনাক্তকরণ আত্মীয়দের। শেষকৃত্যও হয়ে যায়। কিন্তু, সকলকে অবাক করে দিয়ে প্রায় ৭০ কিলোমিটার দূরে রামগড়ে কিছুদিন থাকার পর ঝাড়খণ্ডের খুন্তি জেলায় নিজের বাড়িতে ফিরে এলেন বিশ্রাম মুণ্ডা। আধিকারিকরা বলছেন, পুলিশ একটা দেহ উদ্ধার করেছিল। যেটাকে ভুল শনাক্ত করা হয়েছিল। পরে সেই মতৃদেহের শেষকৃত্য সম্পন্ন করে ওই পরিবার। 

Continues below advertisement

খুন্তির এসডিপিও বরুণ রজক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, বছর ৪৫-এর মুণ্ডা পত্রতলি গ্রামের বাসিন্দা। গত ১০ মে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। একটা বিয়েতে যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর পরিবার অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু, তাঁর হদিশ পায়নি। একদিন পরে, একটি নর্দমা থেকে অজ্ঞাতপরিচয় একজনের দেহ উদ্ধার করে পুলিশ। এই খবর পেয়ে, আত্মীয়রা খুন্তি সদর হাসপাতালে পৌঁছে যান এবং দেহটি বিশ্রাম মুণ্ডার বলে শনাক্ত করেন। 

পুলিশ বলছে, দেহটির উচ্চতা, শারীরিক গঠন এবং মুখমণ্ডলের সঙ্গে খুব মিল পাওয়া যায় মুণ্ডার এবং তাঁর পরিবারের। এমনকী গ্রামের মানুষজনও নিখোঁজ ব্যক্তির সঙ্গে দেহটির মিল খুঁজে পেয়েছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, পুলিশ সেই মৃতদেহের শেষকৃত্যের জন্য তা পরিবারের হাতে তুলে দেয় এবং আদিবাসী নিয়ম-কানুন মেনে দেহের শেষকৃত্য হয়। কিন্তু, এর কিছুদিন পর বিশ্রাম মুণ্ডা হঠাৎ একদিন খুন্তিতে তাঁর মেয়ের ভাড়াবাড়িতে ফিরে আসেন। তাঁকে দেখে অবাক হয়ে যান আত্মীয়-স্বজনরা। বাড়ি ফিরে তিনি পরিবারের সদস্যদের জানান, কাউকে না জানিয়ে তিনি রামগড় গিয়েছিলেন। এই পরিস্থিতিতে পুলিশ ওই দেহটি মাটি খুঁড়ে বের করার প্রক্রিয়া শুরু করেছে। যাতে মৃতদেহটির DNA টেস্ট করে তা সঠিকভাবে শনাক্ত করা যায়। এমনই জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। 

Continues below advertisement

প্রসঙ্গত, দিনকয়েক আগে লুধিয়ানায় বন্দুকবাজদের হাতে অপহৃত হয়েছিলেন পাঞ্জাবের বিখ্যাত এক গায়িকা। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর গত পরশু তাঁর মৃতদেহ উদ্ধার হয় খাল থেকে। পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর, যিনি যশিন্দর কৌর নামেও পরিচিত, লুধিয়ানার নীলো খাল থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করা হয়। কী কারণে অপহরণ ও হত্যা ? এর পেছনে কারা দায়ী ? তা প্রাথমিকভাবে স্পষ্ট হয়নি। লুধিয়ানার নীলো খালে মৃতদেহ উদ্ধার হওয়ার পর পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।