বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : প্রথমে তৃণমূলে বিদ্রোহ ঘোষণা, তারপর NCPI-তে মিশে যাওয়া এবং NDA-কে সমর্থনের ঘোষণা। আপাতত এই অবধি এগিয়েছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তবে NCPI-এর আবেদনের ভিত্তিতে এখনও তাদের পৃথক ব্লক আখ্য়া দেওয়া হয়নি। কেবলমাত্র লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য় আগে যে আসন বরাদ্দ ছিল, তা এখন বরাদ্দ করা হয়েছে, NCPI-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের জন্য়। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে পাঠিয়ে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। এই আবহেই এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন এনসিপিআই সাংসদরা।
মঙ্গলবার এনডিএ-র বিশেষ বৈঠকে যোগ দিলেন এনসিপিআই সাংসদরা। একে একে এলেন কাকলি ঘোষ দস্তিদার। লাল-পেড়ে গরদ শাড়ি পরে ঢুকলেন । কাকলির সঙ্গেই এলেন সাংসদ শতাব্দী রায়। এরপর সায়নী ঘোষও। দেখা গেল সুস্মিতা দেবকে। দিল্লিতে এই NDA সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ তথা NCPI নেত্রী কাকলি ঘোষ দস্তিদার এই বৈঠকে যোগ দেওয়ার আগেই সংবাদ মাধ্যমকে বলেন, দাঁড়ান বৈঠকটা হোক, তারপর কথা বলি ? দেখা যাক কী হয়। বৈঠকে যাওয়ার আগে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “হ্যাঁ, আমি যাচ্ছি। বৈঠক হোক, তারপর কথা বলব।” এদিন দেখা যায় বৈঠকে এক্কেবারে প্রথম সারিতে বসেছেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিংহ, অমিত শাহরা। দেখা যায় সেই সারিতেই বসেছেন কাকলি ঘোষ দস্তিদার। এই ছবি নিঃসন্দেহেই জল্পনা বাড়িয়েছে। প্রশ্ন উঠছে , এবার কি সত্যিই এনসিপিআই বিজেপিতে মিশে যাবে?
এদিন বৈঠকে যোগ দিয়েছেন, শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার, রচনা বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু NDA বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সারিতে কাকলি ঘোষ দস্তিদারের বসার বিষয়টিও যথেষ্ট চর্চায়। যদিও এখনও পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদার বা অন্য কোনও সাংসদের তরফে বিজেপিতে যোগদানের বিষয়ে ঘোষণা করা হয়নি। আগামী দিনে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের রাজনৈতিক অবস্থান কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়। NDA-র সঙ্গে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় কি না —সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। আগামী দিনে বিজেপির সঙ্গে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্ক কোন পথে এগোয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
