নয়া দিল্লি: চলন্ত ট্রেনেই ভয়াবহ অগ্নিকাণ্ড! পঞ্জাবের পাতিয়ালায় কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রেনের কামরা থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে আসেন তাঁরা। দূর থেকে দেখা যায়, ট্রেনের কামরা থেকে আকাশের দিকে উঠছে ধোঁয়ার কুণ্ডলী।

Continues below advertisement

এবিপি নিউজের অনুযায়ী, পঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার কাছে সরাই বাঞ্জারা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় কর্মভূমি এক্সপ্রেস চলছিল। ট্রেনটি রাজপুরা এলাকায় পৌঁছনোর সময় আগুন লাগার ঘটনা সামনে আসে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। আগুনের পাশাপাশি চারদিক ধোঁয়ায় ঢেকে যায়।

ঘটনার বেশ কিছু ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের কামরা থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আগুনের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে চাঞ্চল্য তৈরি হয়।

Continues below advertisement

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগার কথা জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।                                                

এই ঘটনায় কতজন আহত হয়েছেন বা ট্রেনের যাত্রীদের মধ্যে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনগুলিতে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়েও এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।  

উৎসবের মরসুমে চলন্ত ট্রেনে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন লাগার সঠিক কারণ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।