কলকাতা: কাশ্মীরে এনকাউন্টার, নিহত লস্কর কমান্ডার। কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই। এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট। লস্কর কমান্ডার ছাড়াও লস্করের আরও জঙ্গি নিহত । কুলগামে আক্রান্ত CRPF, কুলগামেই এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার। কুলগামের লারুতে সেনা-CRPF-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান। ১১ নভেম্বর কুলগামেই CRPF পোস্টে জঙ্গি হানা। সেই জঙ্গি হানায় নাম জড়িয়েছিল লতিফ ভাটের। 

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সেই এনকাউন্টারে মৃত্যু হয় লতিফ ভাটের। অন্য এক জঙ্গি এখনও নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে রয়েছে। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপও অংশ নিয়েছে। আশপাশের এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনওভাবেই জঙ্গিরা পালাতে না পারে।

তদন্তকারীদের দাবি, কুলগামের বাসিন্দা লতিফ ভাট পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মিলে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। গোপন আস্তানা বদলে বদলে চলাফেরা করত তারা। এই কাজে স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের (OGW) সাহায্য নেওয়া হত বলেও মনে করা হচ্ছে।

Continues below advertisement

২০২৬ সালে একাধিক জঙ্গি হামলার সঙ্গে নাম জড়িয়েছে লতিফ ভাটের। গত ২২ জুলাই অনন্তনাগের লালচক এলাকায় এক পুলিশ কনস্টেবলকে খুনের ঘটনায় তার যোগ থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিকদের হত্যার ঘটনাতেও তার নাম উঠে আসে।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে CRPF ক্যাম্পে হামলা চালায় দুই সশস্ত্র জঙ্গি। গুলির আঘাতে আহত হন তিন CRPF জওয়ান। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হামলার পর জঙ্গিরা জঙ্গলে ঘেরা এলাকায় পালিয়ে যায়।

এই ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কিশতওয়ারে দুই স্পেশাল পুলিশ অফিসার (SPO)-কে খুন করে জঙ্গিরা। নিহতদের নাম বাবি চাঁদ এবং যশপাল কুমার। জানা গিয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীকে সাহায্য করতে যাওয়ার পথেই তাঁদের উপর হামলা হয়।

পরপর এই ঘটনাগুলির পর জম্মু-কাশ্মীরজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। CRPF-এর স্পেশাল ডিরেক্টর জেনারেল সন্দীপ খিরওয়ার জানিয়েছেন, সাম্প্রতিক হামলার পর গোটা কেন্দ্রশাসিত অঞ্চলে সতর্কতা বাড়ানো হয়েছে।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষের পথে বলে যে দাবি করা হচ্ছিল, পরপর হামলার ঘটনায় সেই দাবি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর উপত্যকায় সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে বলে যাঁরা দাবি করছেন, তাঁদের বক্তব্যের বিরোধিতা করেছেন।