Continues below advertisement

শ্রীনগর : পহেলগাঁওকাণ্ডের ছায়া এবার দেখা গেল কুলগামে। গত ২০২৫ সালের ২২ এপ্রিল , ভূস্বর্গের বৈসরন ভ্যালিতে ঘটে হাড়হিম করা হত্যাকাণ্ড। ধর্ম জিগ্যেস করে করে পর্যটকদের হত্যা করে সন্ত্রাসবাদীরা। বেছে বেছে পুরুষদের মেরে ফেলা হয়। সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছিল জঙ্গিরা। এবার তেমন ঘটনার পুনরাবৃত্তি। জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত হলেন ২ পরিযায়ী শ্রমিক।

শুক্রবার হামলায় একজনের মৃত্যু হল ঘটনাস্থলেই। আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে তারও মৃত্যু হয়। জানা গিয়েছে, পহেলগাঁওয়ের স্টাইলে একেবারে পরিচয় জিজ্ঞাসা করে, বেছে বেছে গুলি করে সন্ত্রাসবাদীরা। পহেলগাঁওকাণ্ডের স্টাইলেই কুলগামে সন্ত্রাস চলল।  সেখানকার কেল্লাম এলাকার একটি ইটভাটায় কাজ করা ২ শ্রমিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। নিহত দুই জনের নাম দীপক রাত্রে ও ভূপেন্দ্র কুমার। 

Continues below advertisement

এর মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দীপকের। গুরুতর জখম ভূপেন্দ্রর মৃত্যু হয় হাসপাতালে। হামলার দায় স্বীকার কয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠী। হামলাকারীদের খোঁজে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।  

জম্মু ও কাশ্মীরে যে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, তাঁরা ছত্তীসগঢ় থেকে কাজ করতে এসেছিলেন । শুক্রবার সন্ধ্যায় কাশ্মীরের কুলগামের কেল্লাম (Kellam) গ্রামে এই হামলার ঘটনাটি ঘটায় জঙ্গিরা। নিহত দু'জনই ছত্তীসগড়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রই জানিয়েছে।  এই ঘটনা ঘটার পরপরই গোটা এলাকায় ব্যাপক  তল্লাশি শুরু হয়।  কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন (CASO) চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খুঁজে বের করতে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে।

১০ দিনের মধ্যে দ্বিতীয় টার্গেটেড হামলা

গত ১০ দিনের মধ্যে এটি দ্বিতীয় টার্গেটেড জঙ্গি হামলা। কিছুদিন আগেই  ভূস্বর্গের অনন্তনাগ জেলায় এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল  জঙ্গিরা।  ওই ঘটনার পর উপত্যকা জুড়ে কড়া অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩,০০০-রও বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে খবর। তবে এই ব্যাপক ধরপাকড় নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা আবার উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ধারণা, এমন ব্যাপক হারে আটক অভিযান হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে  পারে। এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । 

ভূস্বর্গে চলছে অমরনাথ যাত্রা।  লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন তীর্থে । তার মধ্যেই এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । এই যাত্রাকে কেন্দ্র করে আগেই কাশ্মীরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার নিরাপত্তা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ৬৭০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে । তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।