মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে LPG গ্যাসের সঙ্কট। সাধারণ মানুষ একটি সিলিন্ডার কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না, আবার কোথাও মোটা টাকার বিনিময়ে কিনতে হচ্ছে গ্যাস। তাই এই দুর্দশা ও কালোবাজারি থেকে মানুষকে রক্ষা করতে e-KYC -এর ঘোষণা করল কেন্দ্র। 

কেন্দ্রের নতুন ঘোষণা অনুযায়ী গ্রাহকদের ভর্তুকির ব্যবস্থাকে আরও স্বচ্ছ রাখতে ও বেআইনি কারবার রুখতে এই নিয়ম চালু করা হয়েছে। মন্ত্রক জানায়, ই-কেওয়াইসি সকল গ্রাহকের জন্য বাধ্যতামূলক নয়। যারা এখনও নিজের পরিচয় যাচাইকরণ সম্পন্ন করেননি, কেবলমাত্র তাদের ক্ষেত্রে এই e-KYC বাধ্যতামূলক। এখন নিশ্চই ভাবছেন কীভাবে করবেন এই KYC ? চলুন জেনে নিন এই সংক্রান্ত সমস্ত তথ্য। 

বাড়িতে বসে কীভাবে e-KYC সম্পন্ন করবেন ?

১. ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন।২. ফোনে ‘আধার ফেসআরডি’ অ্যাপটি ইনস্টল করুন।৩. আপনার মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিয়ে লগ ইন করুন।৪. ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণ বিকল্পটি সিলেক্ট করুন৫. আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা দেখে আধারের সমস্ত তথ্য সাবমিট করুন।৬. ‘আধার ফেসআরডি’ অ্যাপে গিয়ে নিজের ফেস অথেন্টিকেশন সম্পন্ন করুন।৭. সমস্ত প্রক্রিয়া মেনে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করুন।৮. সবকিছু হয়ে গেলে সাবমিট করে দিন। 

কোথায় গিয়ে করবেন e-KYC ?

নিজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই e-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের নিজস্ব অ্যাপ ব্যবহার করেই এটি করতে পারবেন। এছাড়াও মোবাইলে ‘আধার ফেসআরডি’ অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে করা যাবে। 

যাঁদের কাছে স্মার্ট ফোন নেই বা ডিজিটাল পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত নন, তাঁরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারবেন।

গ্যাস সঙ্কটের বর্তমান পরিস্থিতি কোনদিকে ? 

কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অকারণে আতঙ্কিত না হওয়ার জন্য। কারণ দেশে গ্যাসের মজুত পর্যাপ্ত পরিমানে আছে। যে সমস্যা তৈরি হয়েছে তা সমাধানের জন্যও সমস্তরকম ব্যবস্থাও নিয়েছে কেন্দ্র। LPG -এর পাশাপাশি PNG-এর দিকেও বিশেষভাবে নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে শিবালিকের পর গ্যাস বোঝাই জাহাজ 'নন্দাদেবী'ও ভারতের উপকূলে এসে পৌঁছল। প্রায় ৪৭ হাজার মেট্রিক টন LPG নিয়ে এসেছে জাহাজটি। এর আগে 'শিবালিক' জাহাজটিও প্রায় ৪৬ হাজার তরল পেট্রোলিয়াম গ্যাস নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে, নন্দাদেবী যে পরিমাণ LPG নিয়ে এসেছে, তা দিয়ে সারা দেশের একদিনের LPG সঙ্কট দূর করা সম্ভব।